এবার রুটি বানাবে রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটিম্যাটিক বানিয়ে দেবে রুটি
রোটিম্যাটিক বানিয়ে দেবে রুটি

সকালের নাশতায় কিংবা রাতের খাবারে রুটি অনেকেরই নিত্যদিনের খাবার। পৃথিবীর অনেক দেশে প্রধান খাবারও বটে। কিন্তু এই রুটি বানানো যে কত ঝামেলার, যাঁরা বানিয়েছেন তাঁদেরই জানা আছে। উপাদানের সঠিক মিশ্রণ তো বটেই, সঠিক আকার, এমনকি ভাজার জন্যও দরকার অভ্যস্ত হাতের ছোঁয়া। তবে আপনার হয়ে কোনো যন্ত্র যদি এই কাজ করে দেয়? অবাক হচ্ছেন? যুক্তরাষ্ট্রের মাউনটেনভিউয়ের প্রতিষ্ঠান জিমপ্লিস্টিক এমনই একটি রোবট তৈরি করেছে, যা প্রতি মিনিটে একটি রুটি তৈরি করতে পারে।
জিমপ্লিস্টিকের দুই সহ-প্রতিষ্ঠাতা প্রণতি নাগারকার ও ঋষি ইসরানির ছয় বছরের প্রচেষ্টার ফসল ‘রোটিম্যাটিক’ নামের এই খুদে একক কাজের রোবট। মজার ব্যাপার হচ্ছে, রুটি বানাতে গিয়ে ঝামেলায় পড়ে নিজের তিক্ত অভিজ্ঞতা থেকেই রোটিম্যাটিক বানানোর কথা মাথায় আসে প্রণতি নাগারকারের।
রুটি বানানোর যান্ত্রিক পদ্ধতি এর আগেও ছিল, কিন্তু তার কোনোটাই সম্পূর্ণ হাতের ছোঁয়া ছাড়া রুটি বানাতে পারে না। ৩৯ পাউন্ডের রোটিম্যাটিক প্রথম রোবট, যেটি স্বয়ংক্রিয়ভাবে রুটি বানাতে পারে, দরকার শুধু উপাদান সরবরাহের। উপাদান সরবরাহের জন্য রোটিম্যাটিকের আছে তিনটি পাত্র, যার একটি দিয়ে আটার মতো শুষ্ক উপাদান, আরেকটি দিয়ে পানি ও লবণ বা চিনির মতো পানিতে দ্রবীভূত উপাদান এবং তৃতীয়টি মূলত তেলের জন্য। সঙ্গে থাকা খুদে পর্দায় রুটির পুরুত্ব ও তেলের পরিমাণ ঠিক করে দিতে হয়। বাকিটা করবে রোটিম্যাটিক।
রোটিম্যাটিকে প্রতিটি রুটি তৈরিতে প্রায় ৫ মার্কিন সেন্ট খরচ পড়বে বলে এর নির্মাতারা জানান। প্রাথমিকভাবে অনলাইনে অর্ডার চালু করলেও ৫৯৯ ডলারের রোটিম্যাটিক ২০১৫ সালের আগে হাতে পাওয়া যাবে না। —ম্যাশেবল অবলম্বনে মেহেদী হাসান