এবার শিশুদের জন্য কী থাকছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েকটি নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলো শিশুদের বিষয়ে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পর্যবেক্ষণে দেখা গেছে, এসব প্রতিশ্রুতি কাগজেই থেকে গেছে। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নির্বাচনের আগে তারা শিশুদের বিষয়ে আগের থেকে বেশি আগ্রহী। এত দিন শিশুদের যেসব বিষয় নিয়ে কাজ করা হয়নি, সেসব বিষয়কে গুরুত্ব দিতে চায় একাধিক রাজনৈতিক দল। দলগুলো মনে করে, শিশুদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো উচিত।

আওয়ামী লীগ

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ উপদেষ্টা ও দলের ইশতেহার প্রণয়ন কমিটির অন্যতম সদস্য মশিউর রহমান বলেন, এবারে আওয়ামী লীগের ইশতেহারে দেশের সার্বিক উন্নয়নে শিক্ষার প্রসার, বিদ্যুৎ, জ্বালানি এবং তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ (আইসিটি) সবচেয়ে বেশি গুরুত্ব থাকবে। এখান থেকে শিশুরা অনেক সুবিধা পাবে, তবে সুনির্দিষ্টভাবে এখনো শিশুদের জন্য তেমন কিছু রাখা হয়নি। ইশতেহার এখনো খসড়া পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।

আওয়ামী লীগের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গত নির্বাচনী ইশতেহারের চেয়ে এবারের ইশতেহারে শিশুদের কল্যাণের বিষয়গুলোতে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।

বিএনপি

দেশের প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান সরকারের অধীনে তাদের নির্বাচনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। একাধিক নীতিনির্ধারকের সঙ্গে কথা বললেও তাঁরা নির্বাচনের বিষয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে অন্যতম এক নীতিনির্ধারক বলেছেন, গত নির্বাচনে বিএনপি শিশুদের নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার থেকে এবার আরও হালনাগাদ করে সময় উপযোগী একটি ইশতেহার প্রণয়ন করা হবে। তবে সবটাই নির্ভর করছে নির্বাচনে যাওয়ার ওপর ।

জাতীয় পার্টি

নির্বাচনী ইশতেহারে শিশুদের কল্যাণের বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। সম্প্রতি তিনি প্রথম আলোকে বলেন, দলটি গত নির্বাচনে যে ইশতেহার দিয়েছে তা বাস্তবায়ন করতে পারেনি, কেননা তারা এককভাবে সরকার গঠন করেনি। তবে এ বছরে নির্বাচন নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে দলটির। কোনো জোটে না থেকে এককভাবে নির্বাচনের পরিকল্পনাও রয়েছে দলটির।

মহাসচিব বলেন, ‘এবার জনগণ রায় দিয়ে আমাদের সরকার গঠনের সুযোগ দিলে শিশুদের শতভাগ শিক্ষা নিশ্চিত করা ও শিশুমৃত্যু রোধে কাজ করা হবে। জাতীয় বাজেটে শিশুদের অধিক গুরুত্ব দেওয়া, শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ শিশুশ্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এ ছাড়া শিশুদের বিনোদনকেন্দ্র বৃদ্ধি এবং খাদ্যের দাম স্থিতিশীল রাখারও পরিকল্পনা আছে জাতীয় পার্টির।