
মার্কিন শিকাগো সান টাইমস পত্রিকা কর্তৃপক্ষ গত মে মাসের শেষ দিকে তাদের নিজস্ব আলোকচিত্রীদের সবাইকে চাকরি থেকে বাদ দিয়েছে। পত্রিকাটি বর্তমানে প্রয়োজনীয় আলোকচিত্র সংগ্রহ করছে ইন্টারনেটভিত্তিক বিভিন্ন মাধ্যম ও স্বাধীন (ফ্রিল্যান্স) আলোকচিত্রীদের কাছ থেকে। কখনো কখনো নিজস্ব প্রতিবেদকেরাই স্মার্টফোনে প্রয়োজনীয় ছবি তুলে আনছেন এবং সেগুলো যথেষ্ট ভালোভাবেই ব্যবহার করা হচ্ছে সংবাদে।
তাহলে কি পেশাদার আলোকচিত্রীদের যুগ ফুরিয়ে গেল? প্রযুক্তির কল্যাণে যে কেউ ভালো ছবি তুলতে পারলে তো ব্যাপারটা অনেকটা সে রকমই হতে চলেছে! কিন্তু বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের জগতে একধরনের বিতর্ক তৈরি হয়েছে। কারণ, পেশাদারির বিকল্প খুঁজে পাওয়াটা এত সহজ নয়। আর প্রশিক্ষণবিহীন কোনো আলোকচিত্রীর তোলা ছবি ছাপানোর রীতি সংবাদমাধ্যমে প্রচলিত নেই। তাই শিকাগো সান টাইমস -এর ওই সিদ্ধান্তটি স্বভাবতই সমালোচিত হয়। বিশেষজ্ঞদের অনেকেই ওই সিদ্ধান্তকে অদূরদর্শী ও নির্বুদ্ধিতা বলে মন্তব্য করেন। তবে সিদ্ধান্তটির পক্ষে যুক্তির যে অভাব ছিল, তা নয়। প্রথমত, বিকল্প আলোকচিত্রীদের দিয়ে ছবি তোলার কাজটি সেরে ফেলতে পারলে প্রাতিষ্ঠানিক ব্যয় অনেকটাই কমানো সম্ভব হবে। দ্বিতীয়ত, সাংবাদিক নিজেই ছবি তুলে আনতে পারলে পত্রিকা ও সংবাদের মধ্যে দূরত্ব আরও কমবে।
ছবি তোলার খরচ কমানোর ক্ষেত্রে ক্যামেরাযুক্ত মুঠোফোনের ভূমিকা নিশ্চয়ই অগ্রগণ্য। মুঠোফোন-ক্যামেরার প্রযুক্তি গত কয়েক বছরে ব্যাপকভাবে সমৃদ্ধ হয়েছে। বাজারে এসেছে নকিয়া পিউরভিউ মডেলের মুঠোফোন যার ৪১ মেগাপিক্সেল ক্যামেরা অতি উন্নতমানের ছবি তুলতে পারে। এ ছাড়া এইচটিসির নতুন মুঠোফোনে রয়েছে আরও বেশি মেগাপিক্সেল ক্যামেরা। তবে মুঠোফোন-ক্যামেরার সবচেয়ে বড় সীমাবদ্ধতাটি হলো এর লেন্সের অপ্রতুলতা।
তবে এ সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে গবেষকেরা চেষ্টা করে যাচ্ছেন। তাঁরা গত বছর মুঠোফোনের সংবেদি বেতারযন্ত্রকে ক্যামেরার মধ্যে স্থাপনের উদ্যোগ নেন। স্যামসাং গ্যালাক্সি মডেলের মুঠোফোনে সংযুক্ত করা হয়েছে চতুর্থ প্রজন্মের (ফোর জি) সংবেদি ও ২১ গুণ জুম করতে সক্ষম ক্যামেরা। আরও আধুনিক গ্যালাক্সি এনএক্স মুঠোফোনে অতিরিক্ত জুম লেন্স যুক্ত করার ব্যবস্থা রাখা হচ্ছে। সনির কিউএক্স১০০ স্মার্ট লেন্স এসব মুঠোফোনকেও ছাড়িয়ে গেছে। এ স্মার্ট লেন্স যুক্ত করলে যেকোনো স্মার্টফোন পরিণত হয় পেশাদার ক্যামেরায়।
এ তো গেল ক্যামেরার বর্ণনা। সফটওয়্যার জগতেও ঘটেছে প্রভূত উন্নতি। বর্তমানে কিছু উন্নতমানের সফটওয়্যার আছে, যা অনেক ছবি থেকে সবচেয়ে গ্রহণযোগ্য ছবিটি বাছাই করতে পারে। এ ছাড়া সাধারণ মানের অনেক ছবিকেও সম্পাদনার জোরে গ্রহণযোগ্য পর্যায়ে উন্নীত করা যায়। তাই এসব প্রযুক্তির কল্যাণে পেশাদার আলোকচিত্রীর বিকল্প খুঁজে পাওয়ার আশা করাটা বোধ হয় দোষের কিছু নয়। পপুলার সায়েন্স।