এবার সোনালি আইপ্যাড মিনি!

সোনালি রঙের আইফোন৫এস-এর জনপ্রিয়তার সুবাদে এবারে সোনালি রঙের আইপ্যাড মিনি বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। আইপ্যাড মিনির সোনালি রঙের সংস্করণটির তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এক খবরে জানিয়েছে এনডিটিভি।
সোনালি রঙের আইপ্যাড মিনির তথ্য ফাঁস হওয়ার আগে ধূসর রঙের একটি আইপ্যাড মিনির তথ্য অনলাইনে ফাঁস হয়েছিল। চীনের মাইক্রো ব্লগিং সাইট ‘ওয়েবু’ থেকে আইপ্যাডের নতুন সংস্করণের তথ্য ফাঁস হয়েছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন, নতুন আইফোনের মতো আইপ্যাড মিনির নতুন সংস্করণে ফিংগার প্রিন্ট সেন্সর যুক্ত করবে অ্যাপল। এর আগে আইফোনের তথ্য ফাঁসকারী সনি ডিকসন নামের এক ব্যক্তির মতে, ধূসর, সোনালি ও সিলভার রঙের আইপ্যাড মিনির দ্বিতীয় সংস্করণ বাজারে আসতে পারে।
চলতি বছরের অক্টোবর মাসে নতুন আইপ্যাড মিনি বাজারে আনবে অ্যাপল। অ্যাপলের পক্ষ থেকে অবশ্য এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে বাজারে সোনালি রঙের স্মার্টফোনের চাহিদা দেখে স্যামসাং ও এইচটিসি সোনালি রঙের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। শিগগিরই সোনালি ও গোলাপি রঙের গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনের দুটি সংস্করণ বাজারে ছাড়বে এমন ঘোষণা দিয়েছে স্যামসাং। এদিকে এইচটিসি ঘোষণা দিয়েছে এইচটিসি ওয়ানের একটি সোনালি সংস্করণের।
ছবি: সোনালি আইপ্যাড মিনি ২