এবার স্মার্টওয়াচ আনছে এইচটিসি

স্মার্টফোনের পাশাপাশি এবার স্মার্টওয়াচে নজর দিচ্ছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের মাঝামাঝি সময়ে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টওয়াচ বাজারে আনবে এইচটিসি।
বাজার বিশ্লেষকেরা বলছেন, আগামী বছর হতে যাচ্ছে পরিধেয় প্রযুক্তিপণ্যের। এক ডজনেরও বেশি প্রতিষ্ঠান স্মার্টওয়াচ তৈরিতে কাজ করছে। প্রচলিত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি স্মার্টফোন নির্মাতারাও এখন এ বাজারে প্রতিযোগিতায় নামছে।
সনি ও স্যামসাংয়ের পর তাই এবার এইচটিসিও এ তালিকায় নাম ওঠাতে যাচ্ছে। এইচটিসি ছাড়াও আগামী বছর গুগল ও অ্যাপল নিজস্ব ব্র্যান্ডের স্মার্টওয়াচ বাজারে আনতে পারে বলে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে খবর প্রকাশিত হয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এইচটিসির অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টওয়াচের বিশেষত্ব হবে উন্নত ক্যামেরা ও ব্যতিক্রমী নকশা। তবে এই হাতঘড়ির দাম ও হার্ডওয়্যার সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশিত হয়নি।
এইচটিসির ভাষ্য, এইচটিসির তৈরি হাতঘড়ি মানুষের দৈনন্দিন জীবনে কাজের উপযোগী করে তৈরি করা হবে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, সম্প্রতি গ্যালাক্সি গিয়ার নামে স্মার্টওয়াচ বাজারে এনে মানুষের মনে আগ্রহ তৈরি করেছে। কিন্তু গ্যালাক্সি গিয়ার চালাতে নোট ৩ স্মার্টফোন কেনার প্রয়োজন পড়ে বলে অনেকেই এর দিকে ঝুঁকতে পারছেন না। এইচটিসি ব্যতিক্রমী কিছু করতে পারলে বাজার ধরা সহজ হবে বলেই মনে করছেন মার্কিন বিশ্লেষকেরা।