এবার স্যামসাংকে আদালতে তুলল মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং ও মাইক্রোসফট
স্যামসাং ও মাইক্রোসফট

মামলা যেন স্যামসাংয়ের পিছুই ছাড়ছে না! অ্যাপল-স্যামসাংয়ের মামলার নিষ্পত্তি শেষ না হতেই এবার স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করল বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
পেটেন্ট লাইসেন্স সংক্রান্ত রয়ালটির অর্থ পরিশোধ না করায় ম্যানহাটনের ফেডারেল কোর্টে গত শুক্রবার দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিকস জায়ান্টের নামে মামলা করেছে মার্কিন কোম্পানিটি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্যামসাংয়ের বিরুদ্ধে মাইক্রোসফটের এই মামলায় কত টাকা মাইক্রোসফট দাবি করেছে সে বিষয়ে জনসম্মুখে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
গত শুক্রবার একটি ব্লগ পোস্টে মাইক্রোসফটের ডেপুটি জেনারেল কাউন্সেল ডেভিড হাওয়ার্ড জানান, ‘স্যামসাংয়ের সঙ্গে অংশীদারি চুক্তিকে মূল্যায়ন করে ও গুরুত্ব দেয় মাইক্রোসফট। তবে, স্যামসাং লাইসেন্স চুক্তিনামা ঠিকমতো না মানায় মতপার্থক্য তৈরি হয়েছে। ’
২০১১ সালে চুক্তি সাক্ষর হবার পর স্যামসাং মাইক্রোসফটকে প্রথম বছরে রয়ালটি পেমেন্ট দিয়েছিল। কিন্তু গত বছর মাইক্রোসফট নকিয়া অধিগ্রহণের মনোভাব দেখানোর পর থেকে স্যামস্যাং কর্তৃপক্ষ মাইক্রোসফটকে রয়ালটি দিতে টালবাহানা শুরু করে।
মামলা প্রসঙ্গে স্যামসাং জানিয়েছে, মামলার বিষয়টি ঠিকমতো রিভিউ করবে এবং যথাসময়ে সমুচিত ব্যবস্থা নেবে।

এ ব্যাপারে স্যামস্যাং জানায়, মাইক্রোসফটকে রয়ালটি দিতে অস্বীকৃতি জানানোর কারণ হচ্ছে, নকিয়াকে কিনে মাইক্রোসফট তাদের লাইসেন্স চুক্তি লঙ্ঘন করেছে।
এদিকে, বাজার-বিশ্লেষকেরা বলছেন, মোবাইল বাজারে মাইক্রোসফট গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে। এ প্রেক্ষিতে, অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট নির্মাতাদের মাইক্রোসফটের পেটেন্ট রয়্যালটি বেশি করে দিতে বাধ্য করছে মাইক্রোসফট। স্যামসাং, এইচটিসির মতো বড় হ্যান্ডসেট নির্মাতারা এই অর্থ দিতেও রাজি হয়েছিল।