এবার হ্যাকিংয়ের কবলে মাইক্রোসফট
ফেসবুক ও অ্যাপলের পর এবার হ্যাকিংয়ের শিকার হয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট।যে হ্যাকার দলটি ফেসবুক ও অ্যাপলে আক্রমণ চালিয়েছে তারাই এবার মাইক্রোসফটের কম্পিউটার সিস্টেমে ম্যালওয়্যার প্রবেশ করিয়েছে। এক খবরে জানিয়েছে বিবিসি অনলাইন।২৩ ফেব্রুয়ারি মাইক্রোসফট কর্তৃপক্ষ কম্পিউটার হ্যাক হওয়ার তথ্য স্বীকার করে। তবে মাইক্রোসফটের গ্রাহকদের তথ্য চুরির কোনো প্রমাণ পায়নি মাইক্রোসফট। মাইক্রোসফট নিজস্ব একটি ব্লগ পোস্টে উল্লেখ করেছে, প্রতিষ্ঠানটির কিছু কম্পিউটার ম্যালওয়্যার আক্রান্ত হয়েছে। এর আগে একই ধরনের ম্যালওয়্যারের কবলে পড়েছিল অ্যাপল ও ফেসবুক। তবে জানুয়ারিতে হ্যাকের শিকার হয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার থেকে দুই লাখ ৫০ হাজার পাসওয়ার্ড তথ্য চুরি করেছে হ্যাকাররা।এ ধরনের হ্যাকিংয়ের ক্ষেত্রে চীনা হ্যাকারদের সন্দেহ করছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো।