এবার 'স্মার্টহোম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটে নিয়ন্ত্রিত হবে নিত্যব্যবহার্য জিনিস
ইন্টারনেটে নিয়ন্ত্রিত হবে নিত্যব্যবহার্য জিনিস

বিশেষ যন্ত্রাংশযুক্ত নিত্যব্যবহার্য জিনিসে থাকবে ইন্টারনেট সংযোগ। আর অনলাইনের মাধ্যমে সেই জিনিসগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিতে পারবে। এ ছাড়া কোনো ব্যক্তি ইচ্ছা করলে অনেক দূরে থেকেও এসব জিনিসের দেখাশোনা বা গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এভাবে একটি সাধারণ বাড়ি হয়ে উঠবে ‘স্মার্টহোম’—এমনই দাবি করছেন আধুনিক প্রযুক্তিবিদেরা। বস্তু বা জিনিসে ইন্টারনেট সংযোগ এবং এর মাধ্যমে একটি জিনিসের সঙ্গে আরেক জিনিসের যোগাযোগকে প্রযুক্তির ভাষায় বলা হয় ‘বস্তুর জন্য ইন্টারনেট’ (ইন্টারনেট ফর থিংস)। ২০০৯ সালে জার্মানির প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এসএপি রিসার্চের গবেষক স্টিফেন হলার বস্তুর জন্য ইন্টারনেট ধারণাটির ব্যাখ্যা দিতে গিয়ে এমন একটি পৃথিবীর বর্ণনা দেন, যেখানে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি বস্তুই তথ্য যোগাযোগ ব্যবস্থার (ইন্টারনেট) সঙ্গে যুক্ত থাকে এবং প্রত্যক্ষভাবে কাজ করে। আর ইন্টারনেটের এ সংযোগব্যবস্থা মুঠোফোনের সিমনির্ভর নয়, বরং আরএফআইডি ট্যাগ বা অন্য কোনো সেনসরের সাহায্যে চালিত হয়। আরএফআইডি ট্যাগ হলো পাতলা কাগজসদৃশ একধরনের বৈদ্যুতিক যন্ত্রাংশ, যা কোনো বস্তুতে যুক্ত করলে তাতে ওয়াইফাই প্রযুক্তির সাহায্যে ইন্টারনেটের সংযোগ পাওয়া যায়। ফলে ওই বস্তুটির অবস্থা ও অবস্থান খুব সহজেই শনাক্ত করা যায়। সব জিনিসে ইন্টারনেট সংযোগের এ প্রযুক্তির অন্যতম সুবিধা হলো, কোনো জিনিস বা যন্ত্রের ওপর মানুষের সার্বক্ষণিক নজরদারির প্রয়োজন নেই। বরং জিনিসগুলোই পারস্পরিক যোগাযোগের মাধ্যমে নিজেদের দেখাশোনাসহ প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিতে পারে। বর্তমানে বাসাবাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ, বৈদ্যুতিক বাতি ও নিরাপত্তাব্যবস্থা প্রভৃতি কয়েকটি ক্ষেত্রে এ ধরনের প্রযুক্তি ব্যবহূত হচ্ছে। তবে ভবিষ্যতে এ প্রযুক্তি ব্যবহারে আমাদের জীবনযাত্রায় অকল্পনীয় পরিবর্তন আসবে। তখন কফি তৈরির যন্ত্র থেকে শুরু করে ভেন্ডিং মেশিন বা গাড়ি পর্যন্ত সবকিছুই ইন্টারনেটের সংযোগ থাকবে।

‘ইন্টারনেট ফর থিংস’ ধারণা প্রচারের সঙ্গে যুক্ত মার্কিন প্রযুক্তিনির্মাতা প্রতিষ্ঠান অটো-আইডি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কেভিন অ্যাশটন ২০০৯ সালে আরএফআইডি জার্নাল সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, কোনো ব্যক্তির কম্পিউটার যদি তাঁর সহায়তা ছাড়াই দূরবর্তী কোনো জিনিসের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে এবং প্রয়োজনীয় বিভিন্ন বস্তুর উপস্থিতি শনাক্তকরণ ও গণনার মতো কাজগুলো করে ফেলতে পারে, তাহলে অনেক সময় ও অর্থের অপচয় কমানো সম্ভব হবে এবং জানা যাবে কখন, কোথায়, কোন যন্ত্র প্রতিস্থাপন, মেরামত বা ফেরত আনার কাজটি করতে হবে।

২০০৯ সালের পর এ পর্যন্ত বিশ্বে ইন্টারনেট সংযোগের উপযোগী প্রায় এক হাজার ২০০ কোটি বস্তু বা যন্ত্র তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০১৫ সালে এ ধরনের যন্ত্রের সংখ্যা দুই হাজার ৫০০ কোটি ছাড়িয়ে যাবে। আর ২০২০ সালে এ সংখ্যা হবে পাঁচ হাজার কোটি, যা পৃথিবীর জনসংখ্যার প্রায় সাত গুণ। লাইভসায়েন্স।