
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়টির ‘ডাউন টু দ্য ওয়্যার’ দল প্রতিযোগিতায় ১০টি প্রোগ্রামিং সমস্যার মধ্যে সাতটির সমাধান করে। এ দলের সদস্যরা হলেন: ধনঞ্জয় বিশ্বাস, আবদুল্লাহ আল মারুফ ও সাকিবুল মাওলা।
ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) গতকাল শনিবার অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে প্রযুক্তি সব জায়গায় ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আমরা এগিয়ে যাব যদি হাতের মুঠোয় কম্পিউটার থাকে।’
অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, বাংলাদেশের বিচারক দল এবং প্রশ্নকর্তা (প্রবলেম সেটার) দল খুবই নির্ভুল ও দক্ষতার সঙ্গে প্রোগ্রামিং সমস্যা তৈরি করেছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মাদ কায়কোবাদ, বিইউবিটির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আবু সালেহসহ অনেকে।
প্রতিযোগিতায় ১০টি সমস্যার মধ্যে ছয়টি করে সমস্যার সমাধান করে প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে থাইল্যান্ডের এনটিইউর ‘থ্রিই৮এনএম’ দল ও শাবিপ্রবির ‘আত্মপ্রত্যয়ী ভার্সন টু’ দল। বিস্তারিত ফলাফল: http://bit.ly/1u2UrfG । —রাহিতুল ইসলাম