এবার কক্সবাজারে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১৪০ জন, যা গত বছরের তুলনায় ১৮০ জন বেশি। এবারও জেলার শীর্ষস্থান দখল করেছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়’।
এই বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে ২৫০ জন। এর মধ্যে পাস করে ২৪৯ জন। পাসের হার ৯৯ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭০ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এই বিদ্যালয়ের অবস্থান ১৬তম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাছির উদ্দীন বলেন, পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এই বিদ্যালয় টানা সাত বছর ধরে শীর্ষস্থান দখল করে আসছে । ভালো ফলাফলের জন্য তিনি অভিভাবক ও শিক্ষকদের আরও সহযোগিতা চেয়েছেন।
জেলার আরেক ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়’ থেকে এসএসসিতে অংশ নেয় ২২৮ জন। পাস করে ২২৭ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০টি সেরা প্রতিষ্ঠানের মধ্যে এই বিদ্যালয়ের অবস্থান ১৯তম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন বলেন, ‘ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য চেষ্টা চালাচ্ছি।’
জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র জানায়, এবার জেলার ১৬৩টি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১১ হাজার ৯০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করে ১০ হাজার ১৩৯ জন। পাসের হার ৯১ দশমিক ৪২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১৪০ জন।
অন্যান্য বিদ্যালয়ের মধ্যে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিতে জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন, কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলে ২১ জন।