এবারে অ্যাপল বানাচ্ছে ‘সাশ্রয়ী’ আইপ্যাড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ ইঞ্চি মাপের সাশ্রয়ী দামের একটি নতুন আইপ্যাড তৈরি করছে অ্যাপল। এ সংস্করণের আইপ্যাডের দাম হতে পারে ৩০০ ডলারের মধ্যেই। অ্যাপল পণ্য বিক্রেতাদের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস এ তথ্য দিয়েছে। নতুন এই আইপ্যাডে সম্প্রতি বাজারে আসা ‘নিউ আইপ্যাডের’ মত রেটিনা ডিসপ্লে প্রযুক্তি থাকতে পারে অথবা এলসিডি ডিসপ্লে বসিয়ে আইপ্যাডের অন্যান্য ফিচারগুলো এতে যোগ করতে পারে অ্যাপল। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, সাশ্রয়ী আইপ্যাড তৈরি করলেও অ্যাপল তাদের মানের কথা মাথায় রেখে সর্বশেষ প্রযুক্তিই এতে যোগ করবে।৭ ইঞ্চির ডিভাইস হিসেবে বর্তমানে বাজারে জনপ্রিয় আমাজনের তৈরি ‘কিন্ডল ফায়ার’ ট্যাবলেট। এ পণ্যটির দামও ২৫০ ডলার থেকে শুরু। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে কিন্ডল ফায়ারের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলতি বছরই ৭ ইঞ্চি মাপের আইপ্যাড বাজারে আনতে পারে অ্যাপল। অ্যাপল ৭ ইঞ্চি মাপের আইপ্যাড তৈরি করবে কি না, তা নিয়ে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে ভিন্নমত চালু আছে। প্রযুক্তি বিশ্লেষকদের কাছে নিশ্চয়তা হিসেবে এসেছে ডিজিটাইমসের একটি তথ্য। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ডিজিটাইমস জানিয়েছে, অ্যাপল সম্প্রতি ৭.৮৫ ইঞ্চি মাপের ডিসপ্লে পরীক্ষামূলকভাবে অ্যাপলের পণ্য নির্মাতাদের কাছে সরবরাহ করেছে। তাই ৭ ইঞ্চি মাপের আইপ্যাডের বাজারে আসার বিষয়টি প্রায় নিশ্চিতই বলা যায়। এদিকে অ্যাপলের ‘নিউ আইপ্যাড’ দারুণ সাড়া ফেলেছে। প্রথম দিনই ১০ লাখ আইপ্যাড বিক্রি করেছে অ্যাপল। বাজারে আসার আগে অনেকেই আগাম চাহিদা জানিয়ে রেখেছেন। যুক্তরাজ্যে বাজারে আসার আগেই শেষ হয়ে গেছে নতুন আইপ্যাড। তাই নতুন আইপ্যাড বাজারে ছাড়ার তারিখ ১৬ মার্চ থেকে তিনদিন পিছিয়েছে অ্যাপল। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপলের নতুন পণ্যের এ জনপ্রিয়তার কারণে সবার হাতে আইপ্যাড তুলে দিতে শিগগিরই ৭ ইঞ্চি মাপের সাশ্রয়ী আইপ্যাড তৈরি করবে অ্যাপল।