এবারে অ্যাপলের পালা
ইতিমধ্যেই বাজারে মাইক্রোসফট তাদের নতুন ট্যাবলেট ‘সারফেস’ ও গুগল তার ‘নেক্সাস ৭’ আনার ঘোষণা দিয়েছে। এবারে ‘আইপ্যাড মিনি’ নিয়ে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের ঘোষণা দেওয়ার পালা। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, শিগগিরই অ্যাপলের জনপ্রিয় ট্যাবলেট কম্পিউটার আইপ্যাডের ছোটো একটি সংস্করণের ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। এ বছরের অক্টোবর মাসে ‘আইপ্যাড মিনি’ নামে এই সংস্করণটির ঘোষণা দিতে পারে অ্যাপল। অ্যাপলের পরিকল্পনার সঙ্গে যুক্ত দুজন কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করেছে ব্লুমবার্গ।আইপ্যাড মিনির আকার হতে পারে ৭ থেকে ৮ ইঞ্চির মধ্যে। উল্লেখ্য, বর্তমানে বাজারে থাকা অ্যাপলের সবচেয়ে ছোট নিউ আইপ্যাডের মাপ ৯.৭ ইঞ্চি। জানা গেছে, আইপ্যাড মিনিতেও এ বছরের মার্চ মাসে বাজারে আসা নিউ আইপ্যাডের মত রেটিনা ডিসপ্লে থাকবে।ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রযুক্তি বিশ্বে আইপ্যাড মিনির বিভিন্ন সংস্করণের গুজব রয়েছে। তবে গুগল ও মাইক্রোসফটের ট্যাবলেট ঘোষণা দেওয়ার পর অ্যাপলের নতুন সংস্করণের আইপ্যাড ঘোষণা দেওয়ার সময় ঘনিয়েছে। এর আগে জুন মাসে মাইক্রোসফট গোপন প্রকল্পে তৈরি ‘সারফেস’ ট্যাবলেটের ঘোষণা দিয়েছে। জুনের শেষ সপ্তাহে গুগল নতুন অপারেটিং সিস্টেম ‘জেলি বিন’যুক্ত নেক্সাস ৭ ট্যাবলেটের ঘোষণা দিয়েছে। বাজারে ছোটো আকারের ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘আইপ্যাড মিনি’ বাজারে ছাড়বে অ্যাপল।