এবারে ইয়াহুর বিরুদ্ধে ফেসবুকের মামলা
অনলাইন সার্ভিস ইয়াহু ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মধ্যে দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে। ইয়াহুর বিরুদ্ধে ১০টি পেটেন্ট ভঙ্গের অভিযোগে এবারে মামলা করেছে ফেসবুক। এর আগে একই অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছিল ইয়াহু। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সানফ্রান্সিসকোর ফেডারেল কোর্টে ৪ এপ্রিল ইয়াহুর বিরুদ্ধে মামলা করেছে ফেসবুক।এর আগে ইয়াহুর পেটেন্ট করা ১০টি প্রযুক্তি ফেসবুকে ব্যবহূত হচ্ছে, এ অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে ১২ মার্চ সোমবার ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টে মামলা মামলা করেছিল ইয়াহু। বিজ্ঞাপন পদ্ধতি, প্রাইভেসির নিয়ন্ত্রণসহ ইয়াহুর বেশ কয়েকটি পেটেন্ট ভঙ্গ করার কারণে আগেই মামলা করার হুমকি দিয়েছিল ইয়াহু। পরে ইয়াহু ও ফেসবুকের মধ্যে সমঝোতার আলোচনাও ভেস্তে যায়। প্রযুক্তি ক্ষেত্রে পেটেন্ট নিয়ে অ্যাপল, মাইক্রোসফট, মটোরোলা মোবিলিটি প্রতিষ্ঠানগুলো একে অপরের সঙ্গে মামলায় জড়িয়ে পড়লেও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের ক্ষেত্রে ইয়াহু-ফেসবুকের মামলাটিই ছিল প্রথম। এবারে একই অভিযোগে পাল্টা মামলা করায় ফেসবুক ও ইয়াহুর মধ্যে পাল্টাপাল্টি মামলা হলো।ফেসবুক সম্প্রতি পাবলিক কোম্পানি হিসেবে শেয়ারবাজারে আইপিও অনুমোদন করছে। এতে প্রতিষ্ঠানটির বাজার মূল্য ১০০ বিলিয়ন ছাড়িয়েছে। পাবলিক কোম্পানি হিসেবে আইপিও ঘোষণা দেওয়ার পরই ইয়াহুর পক্ষ থেকে মামলা করা হয়েছিল। এবারে ইয়াহুর প্রধান নির্বাহী স্কট থম্পসন ইয়াহুর অভ্যন্তরীণ ঝামেলার মধ্যে ফেসবুকের কাছ থেকে মামলা পেলেন।ইয়াহুর পক্ষ থেকে জানানো হয়েছে, ফেসবুকের করা মামলাটি কেবল তাদের বিরুদ্ধে করা মামলা ঠেকানোর একটি চতুরতা মাত্র। উল্লেখ্য, ফেসবুক ও ইয়াহু দুই পক্ষের দাবি, তাদের পেটেন্ট করা যে প্রযুক্তিগুলো ব্যবহূত হচ্ছে। এর মধ্যে রয়েছে বিজ্ঞাপন পদ্ধতি, প্রাইভেসি কন্ট্রোল, নিউজ ফিড মেসেজ সার্ভিসসহ ১০টি প্রযুক্তি।