এবারে কেটির ৮৭ লাখ গ্রাহকের তথ্য হ্যাক!
মাঝে কিছুদিন চুপ থাকলেও হ্যাকারদের উত্পাত আবারও বেড়েছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান কোরিয়া টেলিকম (কেটি) করপোরেশনের ৮৭ লাখ গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এ প্রসঙ্গে কেটির কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে হ্যাকাররা কেটির তথ্য চুরি করতে শুরু করেছিল। এ ঘটনায় ২৯ জুলাই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইন্টারনেট ও প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে থাকা দেশটিতে ব্যক্তিগত তথ্য চুরির ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। কেটির গ্রাহকসংখ্যা বর্তমানে ১ কোটি ৬০ লাখ। দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৮৭ লাখ গ্রাহকের তথ্য চুরির অপরাধে ইতিমধ্যেই দুই কম্পিউটার প্রোগ্রামারকে গ্রেফতার করেছে। কেটির পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, হ্যাকিংয়ের ফলে তাদের গ্রাহকের নাম, ঠিকানা এমনকি ফোন নম্বরও হ্যাকারদের হাতে চলে গেছে। এ ঘটনায় ক্ষমা চাওয়ার পাশাপাশি অবৈধভাবে তথ্য চুরি ঠেকানোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, এর আগে কোরিয়ার একাধিক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান হ্যাকারদের আক্রমণের মুখে পড়েছিল। দেশটির মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ‘এসকে’-এর সাড়ে ৩ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছিল হ্যাকাররা। সেসময় চীন থেকে এ হামলা চালানো হয়েছিল বলেই দাবি করেছিল ‘এসকে’।