এবারে ৫৫ ইঞ্চি ওএলইডি টিভির প্রতিদ্বন্দ্বিতা

ওএলইডি প্রযুক্তির ৫৫ ইঞ্চি মাপের টেলিভিশন বাজারে আনল দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এ টিভি বাজারে এনে এলজির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রতিষ্ঠানটি। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওএলইডি বা অর্গানিক লাইট এমিটিং ডায়োড প্রযুক্তির টেলিভিশনকে প্রযুক্তি বিশ্লেষকেরা বলেন, পরবর্তী প্রজন্মের টেলিভিশন। এ প্রযুক্তি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা এলসিডি তুলনায় অধিক শক্তি-সাশ্রয়ী। ২০১২ সালের শুরুতেই স্যামসাং ও দক্ষিণ কোরিয়ার আরেক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি নিজস্ব ওএলইডি প্রযুক্তির টেলিভিশন বাজারে আনার ঘোষণা দিয়েছিল। চলতি বছরের জানুয়ারি মাসে ১৩ হাজার মার্কিন ডলার দামের এ প্রযুক্তির টেলিভিশন বাজারে এনেছে এলজি। এবারে স্যামসাংও একই দামে ওএলইডি টিভি বাজারে আনার ঘোষণা দিয়েছে। জুলাই মাস থেকেই বিশ্বের বিভিন্ন দেশে বাঁকানো ডিসপ্লেযুক্ত ওএলইডি টিভি বিক্রি শুরু করবে স্যামসাং।
গত বছরের জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিকস শো (সিইএস) মেলায় পরিবেশবান্ধব সুপার ‘ওএলইডি’ প্রযুক্তির হাই ডেফিনিশন টেলিভিশন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল এলজি ও স্যামসাং। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, পাতলা এই টেলিভিশন সাধারণ এলইডি টেলিভিশনের তুলনায় গুণাগুণের বিবেচনায় অনেক উন্নত, তবে দাম অনেক বেশি।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটো আকারের স্মার্টফোন ডিসপ্লে হিসেবে ওএলইডি ব্যবহারে তারা সফল, বড় স্ক্রিনের ক্ষেত্রেও এ সাফল্যের ব্যাপারে আশাবাদী তারা।
বাজার বিশ্লেষকেরা আগামী বছরগুলোতে ওএলইডি টিভির বাজার বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছেন।