এবারে 'গ্যাপগেট' অভিযোগে স্যামসাং

অ্যাপলের আইফোন৬প্লাসের পর এবারে খুঁত বের হলো স্যামসাংয়ের গ্যালাক্সি নোট৪-এর। কাঠামো ও ডিসপ্লে প্যানেলের মধ্যে বড় ধরনের ফাঁক রয়েছে বলেই গ্যালাক্সি নোট৪-এর বেশ কয়েকজন ক্রেতা দাবি করেছেন।
অবশ্য এ ধরনের ছবি অনলাইনে প্রকাশিত হওয়ার পর বিষয়টিকে পুরোপুরি অস্বীকার করেছে স্যামসাং। এক খবরে এ তথ্য জানিয়েছে এএফপি।
অ্যাপলের আইফোন বেঁকে যাওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ‘বেন্ডগেট’ নামে পরিচিতি পেয়েছিল। স্যামসাংয়ের ক্ষেত্রে এই খুঁতের বিষয়টি পরিচিতি পেয়েছে ‘গ্যাপগেট’ নামে। অবশ্য স্যামসাং জানিয়েছে, নোট ৪ নিয়ে রটানো ‘গ্যাপগেট’ অভিযোগের কোনো ভিত্তি নেই।’
এর আগে আইফোন বেঁকে যাওয়ার বিষয়টি নিয়ে অ্যাপলকে খোঁচা দিয়েছিল প্রতিদ্বন্দ্বী স্যামসাং। এক টুইটে স্যামসাং তাদের নতুন স্মার্টফোন সামান্য বাঁকানো নকশার গ্যালাক্সি নোট এজের ছবি দিয়ে টুইটে বলেছিল ‘কার্ভড নট বেন্ড’।
শুক্রবার থেকে চীন ও দক্ষিণ কোরিয়ার বিক্রি শুরু হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৪। দক্ষিণ কোরিয়ার এক নোট ৪ ক্রেতা অভিযোগ করেন, কাঠামো ও ডিসপ্লে প্যানেলের মধ্যে যে ফাঁক রয়েছে তার মধ্য দিয়ে বিজনেস কার্ড প্রবেশ করানো যায়। আবার অনেকেই দাবি করেছেন, কাঠামো ও ডিসপ্লে প্যানেলের ফাঁকের কারণে এতে ময়লা জমতে পারে এমনকি কোনো ধরনের তরল এই ফাঁক দিয়ে ঢুকে ফোন নষ্ট করতে পারে।
‘গ্যাপগেট’ প্রসঙ্গে স্যামসাং জানিয়েছে, ‘ফাঁক রাখার বিষয়টি নোট৪-এর নকশার একটি অংশ। এটি ফোনের ফাংশন বা মানের ওপর কোনো প্রভাব ফেলবে না।’
এক বিবৃতিতে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমরা গ্রাহকদের নিশ্চিত করছি যে, নোট৪ তৈরির সময় কঠোর মাননিয়ন্ত্রণ ও উৎপাদন পর্যায়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া ধুলা-ময়লা প্রতিরোধের ক্ষেত্রে বেশ কয়েকটি পরীক্ষা করার পরই তা বাজারে ছাড়া হয়েছে।’
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের আইফোন৬ বিক্রির রেকর্ড গড়ার খবরের পরপরই গ্যালাক্সি নোট৪ বাজারে ছাড়ার তারিখ এগিয়ে এনেছে স্যামসাং। নির্ধারিত সময়ের আগেই গ্যালাক্সি নোট স্মার্টফোনের নতুন সংস্করণ নোট৪ বাজারে ছেড়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং।
বড়মাপের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের মাঝামাঝি আকারের ‘ফ্যাবলেট’ বাজারে আনার ক্ষেত্রে পথপ্রদর্শক স্যামসাংই। ২০১১ সালে গ্যালাক্সি নোট সিরিজের মাধ্যমে ফ্যাবলেটের সঙ্গে পরিচয় করিয়ে দেয় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
বর্তমানে স্যামসাং ও অ্যাপল স্মার্টফোনের বাজারে দখল নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে। একে অপরকে ঠেকাতে পেটেন্ট ভঙ্গের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশে পরস্পরের বিরুদ্ধে মামলাও করেছে প্রতিষ্ঠান দুটি। এ ছাড়া প্রতিষ্ঠান দুটির পরস্পরকে খোঁচা দিয়ে বিজ্ঞাপন প্রচার করতেও দেখা গেছে। ৫.৭ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত নোট৪-এর বিশেষ ফিচার হচ্ছে—এর সঙ্গে থাকা এস-পেন; যা দিয়ে স্ক্রিনের ওপর লেখা, আঁকা কিংবা বিভিন্ন কাজ করা যায়। স্টাইলাস পেনের এই সুবিধা আইফোনে নেই।
স্যামসাংয়ের দাবি, এই এস পেন ‘ইনপুট পদ্ধতি’ হিসেবে অনন্য যা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান দিতে পারে না।
প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারে নোট৪ উদ্বোধন করেছে স্যামসাং। চলতি মাস থেকে বাংলাদেশে এই ফোন বিক্রি শুরু হবে। গ্যালাক্সি নোট ৪ কিনতে খরচ হবে ৮০ হাজার টাকা।
বেন্ডগেট নিয়ে অ্যাপল
সম্প্রতি আইফোন৬ প্লাস পকেটে সামান্য চাপেই বেঁকে যাচ্ছে বলে কয়েকজন ক্রেতার অভিযোগের জবাব দিয়েছিল অ্যাপল। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসহ বিভিন্ন ব্লগে অ্যাপলের ফোন বেঁকে যাওয়ার ঘটনাটির নাম দেওয়া হয় ‘বেন্ডগেট’।
২০১০ সালে আইফোন৪ ব্যবহারকারীরা আইফোনের অ্যানটেনার সমস্যায় পড়েছিলেন। তখন অ্যাপলের এই সমস্যাকে নাম দেওয়া হয় ‘অ্যানটেনাগেট’। অ্যানটেনাগেটর পর এবার বেঁকে যাওয়ার সমস্যাটি সামাজিক যোগাযোগের সাইটগুলোতে বেন্ডগেট হিসেবে পরিচিতি পায়। সেই বেন্ডগেট থেকেই এবার স্যামসাংয়ের বিরুদ্ধে অভিযোগ ‘গ্যাপগেট’-এর।
আরও পড়ুন: