এবারের বইমেলায় কোনো বই প্রকাশিত হয়নি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমির ওয়েবসাইটে তথ্যের অসঙ্গতি (ওপরে ডানে ও নিচে)
বাংলা একাডেমির ওয়েবসাইটে তথ্যের অসঙ্গতি (ওপরে ডানে ও নিচে)

অমর একুশে গ্রন্থমেলা ২০১৪-এ এখন পর্যন্ত কোনো বই-ই প্রকাশিত হয়নি! উদ্ভট এ তথ্যটি আছে বইমেলার আয়োজক বাংলা একাডেমির আনুষ্ঠানিক ওয়েবসাইটে। এ সাইটে (www.banglaacademy.org.bd) বাংলা একাডেমির লোগোর নিচে লেখা আছে ‘বাঙালি জাতিসত্তার প্রতিক’।
সাইটটির প্রথম পৃষ্ঠায় (হোমপেজ) অমর একুশে গ্রন্থমেলা ২০১৪ অংশের নিচেই লেখা আছে ‘এবারের গ্রন্থমেলায় এ পর্যন্ত মোট ০টি বই প্রকাশিত হয়েছে’। এর নিচে সাম্প্রতিক প্রকাশনা নামের বক্স করা অংশে তিনটি বইয়ের নাম আছে, তবে প্রচ্ছদ অন্য বইয়ের। যেমন হুমায়ূন আহমেদের মাতাল হাওয়া বইয়ের প্রচ্ছদের নিচে লেখা আছে নজরুল রচনাবলি বইয়ের নাম।
সাইটের প্রেস বিজ্ঞপ্তি অংশে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তিনটি বিজ্ঞপ্তি ছিল, যার একটায় ছিল বাংলা একাডেমি প্রকাশিত ৬৫টি নতুন বইয়ের তালিকা। ২১ ফ্রেব্রুয়ারি থেকে এতে যোগ করা হয় বইমেলায় প্রকাশিত কিছু নতুন বইয়ের তালিকা। তার পরও এটা অসম্পূর্ণ। বইমেলায় ১৫ ফ্রেব্রুয়ারি থেকে প্রকাশিত বইয়ের তালিকা দেওয়া হয়েছে। কিন্তু বাংলা একাডেমি প্রকাশিত বইয়ের তালিকাসহ আগের তিনটি সংবাদ বিজ্ঞপ্তি আবার উধাও।
ওয়েবসাইটটির বিভিন্ন বিভাগে নেই কোনো তথ্য। উদ্দেশ্য, ভিশন, জীবনসদস্য ও সদস্য, বাংলা একাডেমির বিখ্যাত ব্যক্তিরা ও স্মরণীয় কয়েকটি অনুষ্ঠান বিভাগে কোনো তথ্যই পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৬ সালে বাংলা একাডেমির ওয়েবসাইটটি চালু হয়। ২০০৮ পর্যন্ত সাইটটির তথ্য হালনাগাদ হলেও এরপর নিয়মিতভাবে কোনো হালনাগাদের কাজটি করা হয়নি।
গতকাল শনিবার এ ব্যাপারে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘এখন প্রতিদিনই কিছু তথ্য হালনাগাদ করা হচ্ছে। আশা করছি, এক মাসের মধ্যে একটি পরিপূর্ণ ওয়েবসাইট আমরা দিতে পারব।’ এত দিন হালনাগাদ না করার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা মেলার বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত থাকায় ওদিকে সময় দিতে পারিনি।’ তিনি জানান, ওয়েবসাইটের জন্য আলাদা করে কোনো বাজেট নেই। এবার বই বিক্রি থেকে যে আয় হবে, তার একটি অংশ ওয়েবসাইটের উন্নয়নে ব্যয় করা হবে।
বাংলা একাডেমির সাইটটি প্রচার করছেসমন্বয় ও জনসংযোগ বিভাগ এবং কারিগরি সহযোগিতা করছে প্রফেশনালস সিস্টেমস নামের একটি প্রতিষ্ঠান। বাংলা একাডেমির উপপরিচালক (জনসংযোগ) মুরশিদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আসলে ওয়েবসাইটে আমার বিভাগের নাম থাকলেও আমি এই ওয়েবসাইটের বিষয়ে কিছুই জানি না। ২০০৮ সাল পর্যন্ত ওয়েবসাইটটি আমার দায়িত্বে ছিল।’
প্রফেশনালস সিস্টেমসের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলা শুরু হওয়ার এক দিন আগে তাদের মৌখিকভাবে সাইটটির তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে। তবে সময়মতো প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় হালনাগাদের কাজ ঠিকমতো হচ্ছে না।
—রাহিতুল ইসলাম