এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে যা হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস

চোখ ধাঁধানো প্রযুক্তির সম্মেলন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের (এমডব্লিউসি) পর্দা নেমেছে। গত সোমবার বার্সেলোনার ফিয়েরা গ্রান ভিয়াতে শুরু হওয়া মোবাইল প্রযুক্তির এই বিশেষ আয়োজন শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। প্রায় ৯৪ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় ৮০ হাজার প্রতিনিধি অংশ নিয়েছিলেন।

মোবাইল ফোন অপারেটর, মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান, অ্যাপস, অবকাঠামো, নেটওয়ার্কিং ও ইন্টারনেট সেবাদাতা সংস্থাগুলোর প্রতিনিধিরা তাঁদের পণ্য, সেবা ও প্রযুক্তির বিভিন্ন ব্যবহার ও সর্বশেষ প্রযুক্তি প্রদর্শন করেছেন এই সম্মেলনে।

মোবাইল ও তথ্য বিষয়ক অনেক সেমিনার, উদ্ভাবনী পণ্যের প্রদর্শনী সব মিলিয়ে এবারের এমডব্লিউসি ছিল জমজমাট। এবারের মেলার থিম ছিল মোবাইল নিরাপত্তা।

মোবাইলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার কথা উল্লেখ করে সেমিনারে বক্তারা বলেন, মোবাইলে মানুষের অনেক ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকে। তাই আগামী দিনে মুঠো ফোনের নিরাপত্তা আরও জোরদার করা হবে। মুঠো ফোনের মাধ্যমেই একজন গ্রাহকের পরিচয় নিশ্চিত করা যায় সে জন্য কাজ করতে হবে। এ ছাড়াও মোবাইলের মাধ্যমে মানুষের দৈনন্দিন কাজ আরও সহজ করার জন্য নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের প্রতি জোর দেওয়া হবে।


সম্মেলনের প্রথম দিনের চমক ছিল ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের কী নোট। মার্ক জাকারবার্গ বলেছেন, ফেসবুক হারিয়ে যাবে না। এটি আরও শক্তিশালী হবে এবং মানুষকে জাগিয়ে তুলতে কাজ করবে। এ ছাড়া যেসব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান মানুষের সেবা প্রদানকে গুরুত্ব দিচ্ছে, ভবিষ্যতে সেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করবে ফেসবুক। জাকারবার্গ তাঁর বক্তৃতায় বললেন, বিনামূল্যে মানুষের মৌলিক তথ্য সেবা দিতে কাজ করা হচ্ছে। মানুষ ফেসবুকেই নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন বিষয় যেমন—খাবার-দাবারের দাম, আবহাওয়াসহ নানা তথ্য বিনা মূল্যে পাবে।

ফেসবুকে চ্যাটের জন্য ব্যবহূত সদ্য কেনা হোয়াটসঅ্যাপ প্রসঙ্গে জাকারবার্গ বলেন, শিগগিরই হোয়াটসঅ্যাপে কোনো পরিবর্তন আনবে না ফেসবুক। এটি স্বাধীনভাবে কাজ করে যাবে। ফেসবুকের অধীনে আসায় এখন ব্যবহারকারীদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে। প্রাইভেসিকে গুরুত্ব দেওয়া হবে।

জাকারবার্গ বলেন, বর্তমানে বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে নানা ধরনের সেবা গ্রহণ করছে। আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে এই সংখ্যাকে দ্বিগুণ করার চেষ্টা চলছে। ফিলিপাইনের প্রসঙ্গ টেনে জাকারবার্গ বলেন, ওই দেশে ইন্টারনেটে তথ্য ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এতে সহজে নানা ধরনের সামাজিক সমস্যা দূর করা হচ্ছে।

এবারের সম্মেলনে অন্যতম আকর্ষণ ছিল নতুন ফিচারযুক্ত মোবাইল ফোন। এবারে সেই চমক দেখিয়েছে নকিয়া। এবারের সম্মেলনে প্রথমবারের মতো কাস্টমাইজড অ্যান্ড্রয়েড সংস্করণের স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছে ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি।

নকিয়া ছাড়াও মেলায় আলো কেড়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। সম্মেলন উপলক্ষে গ্যালাক্সি এস ৫ স্মার্টফোনের ঘোষণা দিয়েছে স্যামসাং। স্যামসাং ছাড়াও সনি, এলজি, হুয়াউয়েসহ বিভিন্ন প্রতিষ্ঠান নতুন মুঠো ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার প্রদর্শন করছে।

এবারের সম্মেলনে ১৯তম জিএসএমএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশের গ্রামীণফোন গ্রিন মোবাইল অ্যাওয়ার্ড পেয়েছে।
সম্মেলনের দ্বিতীয় দিনে টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী জন ফ্রেডরিক বাকসাস বাংলাদেশের টেলিযোগাযোগের খাতে অগ্রগতির বিষয়টিকে বাতি ঘর (লাইট হাউস) বলে আখ্যায়িত করেছেন।