গণিতবিদ এভারিস্ত গ্যালোয়ার জন্ম ১৮১১ সালের ২৫ অক্টোবর। তাঁর বয়স যখন ১৪, তখন প্রথমবারের মতো পরিচয় ঘটে গণিতের সঙ্গে। যেদিন ক্লাসে প্রথম গণিত পড়ানো হয়, সেদিন তাঁর মধ্যে যেন একটা বিপর্যয় ঘটে যায়। তিনি গণিতে এতই মজে ছিলেন যে অন্য সব পড়া একেবারে ছেড়ে দিলেন। সবকিছুতে খুব খারাপ করতে লাগলেন। আগে তেমন খারাপ ছাত্র ছিলেন না। লাতিন ভাষায় দক্ষতার জন্য পুরস্কারও পেয়েছিলেন। কিন্তু অন্য বিষয়গুলোতে পাস করা বেশ কঠিন হয়ে গেল। গণিতচর্চায় এতই এগিয়েছিলেন যে তাঁর হঠাৎ মনে হওয়া শুরু হলো, স্কুলের শিক্ষকদের কাছে তাঁকে গণিতে শেখানোর মতো আর কিছুই অবশিষ্ট নেই। এ কারণে নিজেই নিজের মতো বই কিনে গণিতচর্চা শুরু করলেন। কিন্তু এবার ভিন্ন সমস্যা শুরু হলো। গ্যালোয়া যে পরিমাণে গণিত বোঝেন, ততটা তাঁর শিক্ষকেরা বুঝতেন না। এ কারণে পরীক্ষার খাতায় গ্যালোয়া যা উত্তর করেন, তার কিছুই শিক্ষকদের বোধগম্য হয় না। তাই গ্যালোয়া গণিতেও খারাপ করা শুরু করলেন। ১৮২৮ সালে গ্যালোয়া একেলি পলিটেকনিক নামক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় অংশ নিলেন। এটা ছিল গণিতের জন্য ফ্রান্সের তৎকালীন সবচেয়ে ভালো প্রতিষ্ঠান। কিন্তু মৌখিক পরীক্ষায় গিয়ে তিনি পরীক্ষকদের কোনো প্রশ্নের উত্তরেই সন্তুষ্ট করতে পারলেন না। আসলে উত্তর এমন অল্প কথায় ব্যাখ্যা ছাড়া দিয়েছিলেন যে কেউ তা বুঝতে পারেননি। এ কারণে তিনি ভর্তি হতে ব্যর্থ হন।স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ব্যর্থ গ্যালোয়া তাঁর সব জিদ যেন ঢেলে দেন গণিতের ওপর। ১৮২৯ সালে চলমান ভগ্নাংশের ওপর তাঁর প্রথম গবেষণাপত্র প্রকাশিত হয়। অনেক পরিশ্রমের পর দুটি গবেষণাপত্র তৈরি করে জমা দেন একাডেমি অব সায়েন্সে। তখন একাডেমি অব সায়েন্সের প্রধান ছিলেন বিখ্যাত গণিতবিদ কশি। তিনি গবেষণাপত্র দুটির সুপারিশ নিজেই করেছিলেন। একই সঙ্গে তিনি গ্যালোয়ার কাছে গবেষণাপত্র দুটি ফেরত পাঠান পুনর্বিন্যাস ও ব্যাখ্যা করে লেখার জন্য।বছর ঘুরতেই (১৮২৯) রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে গ্যালোয়ার বাবা আত্মহত্যা করেন। বাবার মরদেহ সৎকার করে তিনি প্যারিসে ফিরলেন। অসমাপ্ত কাজ শেষ করে তাঁর গবেষণাপত্র দুটি জমা দিলেন একাডেমির সেক্রেটারি স্যার জোসেফ ফুরিয়ারের কাছে। পুরস্কার ঘোষণার কিছু দিন আগে ফুরিয়ার মারা যান এবং তাঁর গবেষণাপত্র যে জমা হয়েছে, এমন কোনো প্রমাণই ছিল না। তাই রাজনৈতিক কারণে গ্যালোয়ার গবেষণাপত্র গায়েব হয়েছে বলে তাঁর সন্দেহ হলো। তখন এ সন্দেহ পুরোপুরি বাস্তবে প্রমাণিত হলো, এরপর যখন তাঁর একাধিক গবেষণাপত্র একাডেমি অব সায়েন্স ফেরত পাঠাল অযৌক্তিক ও অবোধ্য খোঁড়া যুক্তি দেখিয়ে।রাজনৈতিক অস্থিরতা এবং আরও অন্য কারণে গ্যালোয়ার জীবন ছন্নছাড়া হয়ে উঠল। কখনো চাকু হাতে সম্রাটকে হত্যার হুমকি দিচ্ছেন খোলা রাস্তায়, তো পরক্ষণে গ্রেপ্তার। ছাড়া পেয়ে আবার নিষিদ্ধ ন্যাশনাল গার্ডের পোশাক পরে রাস্তায় বের হলে তাঁর জেল হয়ে যায়। এক মাস পর গ্যালোয়া জেল থেকে ছাড়া পান।কিছুদিন পর গ্যালোয়ার প্রণয়ের খবর চাউর হয়ে গেল। প্রেয়সী স্টেফানি ফেলিসি। তিনি বিখ্যাত এক চিকিৎসকের মেয়ে, প্যারিসের এক সম্ভ্রান্ত বংশের ছেলে পেশ্চু ডি হেরবিনভিলের বাগ্দত্তা। পেশ্চু এই ঘটনায় খুব রেগে গেলেন। অপমানের জ্বালা সহ্য করতে না পেরে শ্যুটিং ডুয়েলের চ্যালেঞ্জ দেন গ্যালোয়াকে।ডুয়েলের আগের রাতে (১৮৩২) গ্যালোয়ার হঠাৎ কী যেন হলো। পাগলের মতো সারা রাত তাঁর থিওরিগুলো লিখতে থাকেন। সেই রাতের কাজের মধ্য দিয়েই আলোর মুখ দেখে তাঁর গ্রুপ থিওরি। সঙ্গে একটি চিঠি লিখেন, যদি পরদিন ডুয়েলে মৃত্যু হয়, তাহলে যেন তাঁর কাজগুলো ইউরোপের বড় বড় গণিতবিদের কাছে পৌঁছে দেওয়া হয়।পরদিন, ১৮৩২ সালের ৩০ মে ডুয়েলে আহত হন গ্যালোয়ার, পরদিন তাঁর মৃত্যু হয়। অনেকেই বলেন, গ্যালোয়াকে একটি রাজনৈতিক পরিকল্পনার ফাঁদে ফেলে হত্যা করা হয়েছে। যদিও সেটি অমীমাংসিত। মাত্র এক রাতে গ্যালোয়া যা লিখেছিলেন, তার মর্ম উদ্ধার করতে গাউস, জ্যাকোবিদের অনেক গলদঘর্ম হতে হয়েছে। গ্যালোয়ার মৃত্যুর ১৪ বছর পর, ১৮৪৬ সালে লিউভিল সেই কাগজগুলো থেকে যে থিওরি উদ্ধার করেন, তা তিনি গ্যালোয়ার থিওরি নামে প্রকাশ করেন। গ্যালোয়ার কাজের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে গ্যালোয়া থিওরি ও গ্রুপ থিওরি, যা কিনা অ্যাবসট্রাক্ট অ্যালজেব্রার দুটি প্রধান শাখা।শরিফা সুলতানা