
এভারেস্ট জয়ের স্বপ্ন থাকে অনেকেরই। আর সেই লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ নিয়ে চর্চার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন অনেকেই। আর পর্বতারোহী না হয়েও অনেকের ইচ্ছা থাকে প্রকৃতির এই সৃষ্টিকে কাছে থেকে দেখা। কিন্তু বিভিন্ন কারণেই সেটি হয়তো সম্ভব হয়ে ওঠে না। নিয়মিত পর্বত আরোহণ করলেও অনেকেরই হয়তো এখনো নেপালের খুমবু অভিযানে যাওয়া হয়নি।
মনের এই ইচ্ছাকে বাস্তবের কাছাকাছি নিয়ে এসেছে গুগল। গুগল স্ট্রিট ভিউ প্রকল্পে নতুন সংযোজন করা হয়েছে এভারেস্টের কাছাকাছি এই এলাকা। স্ট্রিট ভিউ নাম হলেও এটিকে অনেকটা ‘ট্রেইল ভিউ’ বলা যেতে পারে। কারণ পাহাড়ি এই এলাকায় মসৃণ রাস্তার দেখা পাওয়া দুষ্কর। কাজটি সম্পন্ন করার জন্য গুগল ‘আপা শেরপার’ সঙ্গে চুক্তি করেছে। আপা শেরপা এভারেস্টে ২১ বার আরোহণ করেছেন, যা সবার চেয়ে বেশি। গুগল, আপা শেরপা ফাউন্ডেশন এবং স্টোরি সাইকেল নামে নেপালের অলাভজনক প্রতিষ্ঠানের সহযোগিতায় ১০ দিনের একটি অভিযানের আয়োজন করে এবং এর মাধ্যমেই এই স্ট্রিট ভিউর সব ছবি সংগ্রহ করা হয়। পাশাপাশি এভারেস্টের নিকটবর্তী এলাকার গুগল ম্যাপের উন্নয়ন করা হয়।
ভার্চুয়াল এই টুরের মাধ্যমে এভারেস্টের গোরাকশেপ পর্যন্ত যাওয়া যাবে। পাশাপাশি এখানে ‘এভারেস্ট সামিটার্স লজ’-এর অভ্যন্তরের কিছু ছবি সংগ্রহ করা হয়, যা ১৯৯৬ সালে আপা শেরপা প্রতিষ্ঠা করেছিলেন। এ ছাড়া নিকটবর্তী বেশ কিছু স্থাপনা, স্কুল, প্রতিষ্ঠানের তথ্য সংযোজন করা হয়েছে গুগল ম্যাপে।
—টেকক্র্যাঞ্চ অবলম্বনে নাসির খান