এমআইএসটিতে দিনভর অ্যাপস নিয়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর বিশ্ববিদ্যালয় আয়োজনের অংশ হিসেবে গত বৃহস্পতিবার ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) দিনব্যাপী অ্যাপস নিয়ে সচেতনতা তৈরি করা হয়। তরুণ প্রোগ্রামার ও অ্যাপস নির্মাতাদের জন্য এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেড (ইএটিএল) ও প্রথম আলো এ প্রতিযোগিতার আয়োজন করেছে। এমআইএসটিতে স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশনস বা অ্যাপসের বিভিন্ন দিক নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা বলেন বাংলাদেশের একটি বড় বাজার হতে পারে অ্যাপস। কারণ একটি অ্যাপ মানুষের কাজ সহজ করে দেয়, তাই এটি সামাজিক ব্যবসাও বটে।সেমিনারে জানা যায়, এই সময়ে দেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটির ওপর। সব মানুষের কাজে লাগবে এমন অ্যাপস যদি তৈরি করা যায় এবং এর গ্রাহক যদি মুঠোফোন ব্যবহারকারীর শতকরা ২০ ভাগও হয় তবে আর্থিক দিক থেকে ওই অ্যাপস নির্মাতারা ব্যাপকভাবেই উপকৃত হবেন।সেমিনারে বক্তৃতা করেন এমআইএসটির ডিন ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান গ্রুপ ক্যাপ্টেন আফজাল হোসাইন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান এবং ইএটিএলের প্রধান নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন আহমেদ।বক্তারা অ্যাপস তৈরির বিভিন্ন ক্ষেত্র, কারিগরি দিক তুলে ধরেন। আলোচনা শেষে এমআইএসটি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। প্রসঙ্গত দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে এরকম আয়োজন করা হবে। বিস্তারিত: www.eatlapps.com। —মোজাহিদুল ইসলাম