এমএস অফিস ২০১০ গুগল ডকসের মতোই
মাইক্রোসফটের জনপ্রিয় গুচ্ছ সফটওয়্যার এমএস অফিস ২০১০ অনেকটাই সার্চ ইঞ্জিন গুগলের লেখালেখির সফটওয়্যার গুগল ডকসের মতো। গুগল ডকসে যেসব সুবিধা রয়েছে, সেসব সুবিধা যোগ করে অফিস ২০১০ বাজারে ছেড়েছে মাইক্রোসফট করপোরেশন। মাইক্রোসফট আর গুগলের মধ্যে চলতে থাকা দ্বন্দ্বে এ ঘটনা বিশেষ মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে কম্পিউটার ও মোবাইল ফোনের জন্য অফিস ২০১০ বাজারে ছাড়া হয়েছে। নতুন এ সংস্করণে যুক্ত হয়েছে অফিস ওয়েব প্রোগ্রাম নামে বিনা মূল্যের একটি অনলাইন উপাদান। এর পাশাপাশি মাইক্রোসফট সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সব ব্যবহারকারীকে অনলাইন অফিস সুইট ব্যবহারের সুযোগ দেবে।গুগল আর মাইক্রোসফটের বিভিন্ন বিষয়ে ক্রমাগত প্রতিদ্বন্দ্বিতা চলছে নিজেদের বাজার ধরে রাখা নিয়ে। গুগলকে চ্যালেঞ্জ জানিয়ে মাইক্রোসফট বিং নামের সার্চ ইঞ্জিন চালু করে আর গুগল তৈরি করে নিজস্ব অপারেটিং সিস্টেম ক্রোম। গুগল আর মাইক্রোসফটের এ দ্বন্দ্ব শুরু হয় ২০০৬ সালে, যখন গুগলে প্রথমবারের মতো বাজারে গুগল ডকস চালু করে। গুগল ডকসে এখন লেখালেখি করার, হিসাব কষার ও উপস্থাপনা তৈরির প্রোগ্রাম রয়েছে। আর ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য আছে প্রিমিয়াম সংস্করণ। বর্তমানে গুগল ডকসের বাজার ৪ শতাংশ, যা ধীরে ধীরে বাড়ছে। অন্যদিকে মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণে যুক্ত হচ্ছে নানা ধরনের সুবিধা। অফিস ওয়েব প্রোগ্রামের মাধ্যমে বিনা মূল্যে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহারের সুযোগ থাকছে। পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমেও এই গুচ্ছ সফটওয়্যার ব্যবহার ও অন্যের সঙ্গে ভাগাভাগি (শেয়ার) করা যাবে। মাইক্রোসফট উইন্ডোজ লাইভের প্রায় ৪০ কোটি ব্যবহারকারীকে এ অফিস প্রোগ্রাম বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দেবে। আরও থাকছে পরীক্ষামূলক সংস্করণ ব্যবহারের সুযোগ।অফিসের নানা কাজে ব্যবহূত সফটওয়্যারের বাজারে মাইক্রোসফটের অংশীদারি এখন ৯৪ শতাংশ। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী