এমওয়ালের শিক্ষাবান্ধব ওয়েবসাইট

ফেসবুকসহ সামাজিক যোগাযোগের অন্যান্য ওয়েবসাইট ব্যবহারে পড়াশোনার ব্যাপক ক্ষতি হয় বলে অনেকে মনে করে। কিন্তু প্রচলিত এই ধারণা যে ভুল তা প্রমাণ করলেন জোয়েল এমওয়ালে। ২০ বছর বয়সী এই কেনীয় তরুণ সম্প্রতি গিগাভায়া ডট কম নামের একটি ওয়েবসাইট চালু করেছেন, যার মাধ্যমে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগের পাশাপাশি নানা বিষয়ে পড়ালেখাও করতে পারবেন। এই ওয়েবসাইট চালুর মধ্য দিয়ে জোয়েল এমওয়ালে সবার কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন যে ‘সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোকে বর্জন নয়, বরং আলিঙ্গন করুন।’
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো সম্পর্কে ছাত্রছাত্রী ও শিক্ষকদের প্রচলিত দৃষ্টিভঙ্গি বা মনোভাবের পরিবর্তন আনাই এমওয়ালের লক্ষ্য। আর এ ক্ষেত্রে অনেকটাই সফল হয়েছেন তিনি। চালু হওয়ার পাঁচ সপ্তাহের মধ্যে ১০ লাখেরও বেশি মানুষ এই ওয়েবসাইটের গ্রাহক হয়েছে।
গিগাভায়া ওয়েবসাইটটি অনেকটা ফেসবুকের মতোই। তবে বাড়তি সুবিধা হিসেবে এতে যুক্ত হয়েছে শিক্ষা ও পরামর্শ বিনিময়, বিদ্যালয়ের বিভিন্ন পড়া বা শিক্ষকের অ্যাসাইনমেন্ট তৈরির নির্দেশনা ও সমাধান ইত্যাদি। এমওয়াল এই ওয়েবসাইটকে স্থানীয় পর্যায় থেকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যেতে চান। শিক্ষক-শিক্ষার্থীরা পড়াশোনার বিভিন্ন বিষয় নিজেদের মধ্যে বিনিময় করতে পারেন। এ ছাড়া রয়েছে ব্যক্তিগত গ্রন্থাগার নামের একটি সুবিধা, যার সাহায্যে নির্দিষ্ট পর্যায়ের বইপত্র ও পরামর্শ আদান-প্রদান সম্ভব। আর অন্যান্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মতো ব্যক্তিগত তথ্যাবলি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার সুযোগ তো আছেই। কেনিয়া থেকে যাত্রা শুরু হলেও ওয়েবসাইটটিকে সারা বিশ্বে সম্প্রসারণ করাই এখন এমওয়ালের স্বপ্ন। এটির ৫০ শতাংশেরও বেশি ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের বলে জানা গেছে। আবার তুরস্ক ও দক্ষিণ আফ্রিকা থেকে নিবন্ধিত হয়েছেন এমন মানুষের সংখ্যাও একেবারে কম নয়। আন্তর্জাতিক সফটওয়্যার বিশেষজ্ঞদের একটি দল এই ওয়েবসাইটের মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এমওয়ালে নিজে বিদ্যালয়ের গণ্ডি পার হতে পারেননি। তাই বলে স্বপ্ন বাস্তবায়নে তাঁর কাজ থেমে থাকেনি একটুও। কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি শূন্য থেকে শুরু করেছি, আমার কোনো টাকাপয়সা ছিল না। তবে আমি ছোটবেলা থেকেই সব সময় চাইতাম ধনী হতে। এখন আমি মানুষকে তাদের অবস্থার উন্নয়নে সহায়তা করতে চাই।’ গিগাভায়াকে আগামী মার্চের মধ্যে ১৫ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এমওয়ালে। সেভাবেই এগোচ্ছেন তিনি।
গিগাভায়া প্রতিষ্ঠার আগে ‘স্কাইড্রপ’ নামে বিশুদ্ধ পানি সরবরাহের একটি কোম্পানি প্রতিষ্ঠা করে খ্যাতি অর্জন করেন এমওয়ালে। বৃষ্টির পানি পরিশোধন করে তা বোতলজাত করে বিক্রি করত কোম্পানিটি।
গত বছর এমওয়ালে পাঁচ লাখ মার্কিন ডলারে স্কাইড্রপ বিক্রি করে দেন ইসরায়েলি এক বিনিয়োগকারীর কাছে। এই ব্যবসায়িক সাফল্যই তাঁকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি এনে দেয়। আফ্রিকার সেরা তরুণ উদ্যোক্তাদের তালিকায় অন্তর্ভুক্ত হয় তাঁর নাম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিলিকন ভ্যালিতে এক অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পানও তিনি।
এমওয়ালে বলেন, ‘আমরা শিক্ষা ও সামাজিক যোগাযোগমাধ্যমকে একত্রে একটি অর্থপূর্ণ উপায়ে সংযুক্ত করছি। বাস্তবতা হলো, আমি খুবই নিচু অবস্থান থেকে শুরু করেছি। এখন আমি যেখানে আছি, আমার মনে হয়, যে কেউ এটা করতে পারত। এ জন্য আপনাকে কেবল স্থির লক্ষ্য নিয়ে কাজ করতে হবে, পাশাপাশি কঠোর পরিশ্রম ও কখনোই হাল না ছাড়ার মনোবল থাকা চাই।’
আশিস আচার্য
সূত্র: বিবিসি