এমন যদি হতো...

প্রেমের ক্ষেত্রে
: তোমাকে আর কী বলব! তোমাকে যখন প্রথমবার দেখি, দেখেই মনে হলো এত দিন কোথায় ছিলে তুমি?
: আমিও যখন তোমাকে প্রথম দেখি, দেখেই মনে হলো-আরে, এই ছেলেটা তো কেমন অদ্ভুত!
: তার মানে বলছ, প্রথম দেখায় তুমিও আমাকে...
: হু হু...
: হুররে! কী মজা! মানে তাহলে আমি আমার ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ফেলতে পারব?
: হি হি হি। পারবে।
: ওটা ‘ইটস কমপ্লিকেটেড’ পাল্টে ‘ইন অ্যা রিলেশনশিপ’ দিতে পারব?
: হি হি হি। পারবে।
: ইন অ্যা রিলেশনশিপ উইথ সামান্থা দিতে পারব?
: হি হি হি। পারবে পারবে পারবে।
: আই লাভ ইউ!
: আই লাভ...শোনো, তোমাকে আই লাভ ইউ টু বলার আগে একটা ব্যাপার...
: কী ব্যাপার, বলো। ফেসবুকে তোমার সেলফিগুলোতে আরও লাইক বাড়াতে হবে? নাকি তোমার স্ট্যাটাসগুলোতে কমেন্টে ভরিয়ে তুলতে হবে? বলো, তুমি শুধু বলো; তুমি যা বলবে, আমি তাই করব!
: তাহলে একটা সত্যি কথা বলো...
: কী?
: তুমি কি কখনো ইভ টিজিং করেছ? কখনো কোনো মেয়েকে উত্ত্যক্ত করেছ? কী, কথা বলছ না কেন? করেছ?
: করেছি। কিন্তু শোনো...আসলে...
: ব্যস! আর কিছু বলতে হবে না! রাস্তায় দাঁড়ানো ওই ছেলেগুলোর সঙ্গে তোমার তাহলে আর কীই–বা পার্থক্য! ওরা যেমন আমাদের দেখে মুখ বিকৃত করে, আজেবাজে কথা বলে, তুমিও নিশ্চয় অন্য কোথাও রাস্তায় বা মেলায়, ফুটপাতে বা জার্নিতে অন্য কোনো মেয়েদের সঙ্গে এমনই করো! তুমি তাহলে আর অদ্ভুত কীভাবে হলে? তুমি তাহলে আর মানুষ কীভাবে হলে?
: সামান্থা, শোনো, চলে যেও না...আই লাভ ইউ!
: আমি তোমাকে ভালোবাসি না। একটা ইভ টিজারকে কোনোভাবেই ভালোবাসা যায় না!

চাকরি ক্ষেত্রে
: আপনার রেজাল্ট তো খুবই ভালো।
: থ্যাংক ইউ, স্যার।
: পড়ালেখাই শুধু করেছেন নাকি আরও কিছু করেছেন সঙ্গে?
: অনেক কিছু করেছি, স্যার। মানে ফুটবল খেলেছি, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছি। স্যার, মাঝে মাঝে ছবিও এঁকেছি!
: গ্রেট। আপনি তো ব্রিলিয়ান্ট মানুষ। আপনার মতো মানুষই খুঁজছে আমাদের অফিস!
: থ্যাংক ইউ, স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কি স্যার...
: হ্যাঁ। তাহলে আমরা স্যালারি নিয়ে এখন কথা বলতেই পারি। তবে...
: তবে স্যার?
: একটা কথা। এ বিষয়টা আমাদের জানা খুব জরুরি...
: বলেন স্যার। কোনো অসুবিধা নেই।
: আপনি কি কখনো ইভ টিজিং করেছেন? রাস্তায়, মেলায়, বাসায়, ক্যাম্পাসে কখনো কোনো দিন কোনো মেয়েকে উত্ত্যক্ত করেছেন?
: জি স্যার...মানে স্যার...
: করেননি?
: মানে ওই তো স্যার, বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে...কখনো কখনো...দু-একবার, স্যার...
: তাহলে সরি। আপনি খুবই যোগ্য আমাদের অফিসের জন্য...কিন্তু আপনি মানুষ না!
: জি স্যার?
: জি। মেয়েদের যে উত্ত্যক্ত করে সে আমাদের অফিসে চাকরি করতে পারবে না! আবারও সরি! প্লিজ, বিদায় হন!

বিয়ের ক্ষেত্রে
: হবু জামাইকে তো আমাদের খুবই পছন্দ হয়েছে। উত্তমকুমারের মতো দেখতে। তার চুল হলো একেবারে ওই যে এখনকার ওই মেসির মতো। আর চোখজোড়াও কী সুন্দর! যেন লিওনার্দো ডিক্যাপ্রিও। হ্যান্ডসাম! এত সুদর্শন একজনকে পেয়ে আমার ভাগনি নিশ্চয়ই খুব খুশি হবে। তা বাবা, আমাদের মেয়েকে তোমার পছন্দ তো?
: কী আর বলব, আংকেল! আপনার মেয়েও তো খুব সুন্দর। ঠিক যেন দীপিকার ফেস, অপি করিমের হাসি।
: বাহ্ বাহ্, খুব ভালো খুব ভালো। তাহলে তো হয়েই গেল। বেশ! কিন্তু বাবা আমাদের একটা ব্যাপার জানার ছিল?
: কী ব্যাপার, আংকেল? আমার তো মনে হয় আমরা সবই জানিয়েছি। কোথায় কোন ফ্ল্যাট আমাদের আছে, কোথায় কত বিঘা জমি আছে, কোন ব্যবসায় শেয়ার আছে, কোন ব্যবসাটা সামনেই করতে যাব, কটা গাড়ি আছে, কটা অফিস...সবই তো বলেছি, আংকেল!
: কিন্তু এসবের থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানার ছিল!
: আচ্ছা! ঠিক আছে, কী বিষয় সেটা?
: বাবা, তুমি কি কখনো মেয়েদের উত্ত্যক্ত করেছ রাস্তায়? কখনো ইভ টিজিং করেছ?
: জি? এটাই আপনাদের জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়?
: হ্যাঁ। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। করেছ কখনো?
: আরে, এসব কে না করে ইয়ং বয়সে! আর আমিও তো ইয়ংই, তাই না? রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকিয়ে...
(ঠাস!!!)
: আংকেল, আপনি আমাকে চড় মারলেন?
: যা, এক্ষুনি বের হয়ে যা! আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা! যে রাস্তায় রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করতে পারে তার কাছে আর যাই হোকআমার মেয়ে কোনো দিন সম্মান পাবে না! যা এক্ষুনি! না হলে আরেকটা চড় খাবি! কত বড় সাহস, তুই ইভ টিজার হয়ে আমাদের মেয়েকে বিয়ে করতে চাস!

আত্মোপলব্ধি
: আয়না আয়না, বলো তো আমি কে?
: তুই একটা ইভ টিজার। দেখস না, তোর মাথার জায়গায় একটা অমানুষের মুখ!