এমবিলিয়নথ পুরস্কারের চূড়ান্ত পর্বে বাংলাদেশ
ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন ও ভারতের বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের আয়োজনে ২৩ জুলাই দিল্লিতে দেওয়া হবে দক্ষিণ এশীয় এমবিলিয়নথ পুরস্কার ২০১০। এ আয়োজনে দক্ষিণ এশিয়ার নতুন এবং উল্লেখযোগ্য মোবাইল ফোননির্ভর বিশেষায়িত সেবা ও প্রোগ্রামের জন্য নয়টি প্রধান বিভাগে দেওয়া হবে পুরস্কার। এবারে চূড়ান্ত পর্বে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের একাধিক প্রকল্প। এর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুটি প্রকল্প এবং উইন ইনকরপোরেটের একটি রয়েছে। শাবিপ্রবির প্রকল্প দুটি হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি-প্রক্রিয়া ও ভৌগলিক অবস্থান-ভিত্তিক সেবা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন শেয়ারিং নেটওয়ার্ক কার্যক্রম। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান উইন ইনকরপোরেটের মোবাইল ফোনভিত্তিক কৃষি তথ্যসেবার প্রকল্পটি এ পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছে। বাংলালিঙ্কের গ্রাহকেরা ৭৬৭৬ নম্বরে ফোন করে উইনের এই কৃষি তথ্যসেবা পেয়ে থাকেন। শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) প্রভাষক রুহুল আমিন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘এমবিলিয়নথ মোবাইল ফোন-ভিত্তিক বিভিন্ন প্রকল্পের জন্য পুরস্কার দিয়ে থাকে, যেখানে আমরা আমাদের দুটি প্রকল্প জমা দিয়েছি।’ এ আয়োজনে শাবিপ্রবির একটি প্রতিনিধি দল অংশ নিতে আজ দিল্লী যাচ্ছে।দলটি মোবাইল ফোনভিত্তিক প্রকল্প বিষয়ে দুটি বিশেষ প্রবন্ধও উপস্থাপন করবে। রুহুল আমিন ছাড়াও এ দলে আছেন একই বিভাগের শিক্ষক আবু আউয়াল মো. শোয়েব ও শহীদুল ইসলাম। উইনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রকল্প কর্মকর্তা দীপক কুমার চৌধুরীও এ আয়োজনে যোগ দিচ্ছেন। পুরস্কার প্রদান ছাড়াও এই আয়োজনে থাকছে মোবাইল ফোনের প্রোগ্রাম নির্মাতাদের সংগঠন চালু, এমবিলিয়নথ মোবাইল প্রদর্শনীসহ নানা আয়োজন। বিস্তারিত জানা যাবে http://mbillionth.in ঠিকানার ওয়েবসাইটে। —নুরুন্নবী চৌধুরী