এমবিলিয়নথে দুটি পুরস্কার পেল বাংলাদেশ
দক্ষিণ এশীয় এমবিলিয়নথ পুরস্কার ২০১০-এ দুটি পুরস্কার জিতেছে বাংলাদেশ। মোবাইল ফোনভিত্তিক বিক্রির স্বয়ংক্রিয় পদ্ধতির জন্য এম বিজনেস অ্যান্ড কমার্স বিভাগে বিজনেস অটোমেশন সিস্টেমসের তৈরি ‘বিজনেস এক্সপ্রেস’ এবং এম গভর্নেন্স ক্যাটাগরিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি-প্রক্রিয়া কার্যক্রমের জন্য পুরস্কার জিতেছে। এ বছর দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে ২৫০টি প্রকল্প চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়েছিল।এর মধ্যে ৩৫টি প্রকল্পকে পুরস্কৃত করা হয়।ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন ও ভারতের বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৩ জুলাই দিল্লিতে এ আয়োজনের চূড়ান্ত পর্বে বিজয়ী প্রকল্পগুলোকে পুরস্কৃত করা হয়। এতে উপস্থিত ছিলেন ভারতের পল্লি উন্নয়নবিষয়কমন্ত্রী আগাথা কে সাঙ্গামা, বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস, অস্ট্রিয়ার ডব্লিউএসএ মোবাইল কন্টেন্টের চেয়ারম্যান পিটার ব্রুক, ইন্টেল দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক শিব রামামুর্থে, শ্রীলঙ্কার আইসিটির প্রধান কারিগরি কর্মকর্তা রেশান দেয়াপুরাসহ অনেকে। অনুষ্ঠানে আগত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে মোবাইল প্রকল্প বিষয়ে দুটি বিশেষ প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশ। পুরস্কার প্রদান ছাড়াও এই অনুষ্ঠানে ছিল মোবাইল ফোনের প্রোগ্রাম নির্মাতাদের ইন্টারনেট সম্প্রদায় চালু, এমবিলিয়নথ মোবাইল প্রদর্শনীসহ নানা আয়োজন। —নুরুন্নবী চৌধুরী