এয়ারটেলে মেয়াদহীন 'সবাই এফএনএফ'

মোবাইল কোম্পানি এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য এবার চালু করেছে ‘সবাই এফএনএফ’। এর মাধ্যমে গ্রাহকেরা সব নম্বরে এফএনএফ রেটে কথা বলতে পারবেন। আজ এয়ারটেলের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, নতুন প্রিপেইড গ্রাহকেরা এয়ারটেল থেকে এয়ারটেলে প্রতি এক সেকেন্ড কথা বলতে পারবেন আধা পয়সায়। অন্য অপারেটরে এক সেকেন্ড কথা বলতে খরচ হবে এক পয়সা। নতুন গ্রাহকেরা ৯০ দিন মেয়াদি ১০ টাকার প্রিলোডেড এয়ারটাইম, ফ্রি ফেসবুক, ফ্রি হোয়াটসঅ্যাপ, ৩০০ মেগাবাইট ডেটা, এক হাজার এসএমএস পাবেন। নতুন গ্রাহকেরা এই অফারটি পাবেন ১৯ টাকা রিচার্জে। আর বিদ্যমান গ্রাহকেরা এফএনএফ সুবিধা পাবেন ৯৯ টাকা রিচার্জে।
এর আগে এয়ারটেল গত সেপ্টেম্বরে চালু করে ‘সবাই এক’ পরিকল্পনাটি। এবার এর সঙ্গে যোগ হয়েছে মেয়াদহীন সুবিধা। তারা মনে করে, নতুন গ্রাহকদের জন্য এটি সবচেয়ে আকর্ষণীয় অফার।
এয়ারটেলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা বলেন, কথা বলার ক্ষেত্রে মেয়াদহীন এই সুবিধা গ্রাহকের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের চাহিদা তৈরি করবে এবং বাংলাদেশের মোবাইল সেবার অগ্রগতিতে সহায়তা করবে।