এরিকসনের ত্রিমাত্রিক টেলিভিশন
এখন আর প্রেক্ষাগৃহে যেতে হবে না। ঘরে বসেই দেখা যাবে জনপ্রিয় ছবির ত্রিমাত্রিক সংস্করণ।সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এরিকসনের এই প্রযুক্তিসম্পন্ন টেলিভিশনের ঘোষণা দেওয়া হয়েছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্রডকাস্টারসও (এনএবি) গ্রাহকদের চাহিদার কথা মনে রেখে প্রতি ঘরে এই প্রযুক্তি পৌঁছে দেওয়ার জন্য এরিকসনকে সাহায্য করবে। এরিকসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, চলতি বছর যাত্রা শুরু করবে এই ত্রিমাত্রিক প্রযুক্তি-সংবলিত টেলিভিশন। ২০১৫ সালের মধ্যেই বিক্রির পরিমাণ দাঁড়াবে আট কোটি। পাঁচ বছরের মধ্যেই এই প্রযুক্তি থেকে ছয় হাজার কোটি ডলার আয় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এরিকসনের সলিউশন এরিয়া অব টিভির প্রধান স্টেফান পের্সন জানান, এটা ক্যামেরার উন্নত চিত্রগ্রহণ প্রযুক্তি, প্রদর্শন-প্রক্রিয়া ও টেলিভিশনের কারিগরি উত্কর্ষের চরম নমুনা। তিনি বলেন, নিজেদের বৈঠকখানায় বসেই সিনেমা হলের বড় পর্দায় ছবি দেখার মজা পাবে।