এরিকসনের লক্ষ্য এখন নেটওয়ার্ক সোসাইটি
বাংলাদেশে দক্ষ তরুণ জনশক্তির বিকাশ ও বিশ্বমানের অর্থনৈতিক উন্নয়ন, সবই সম্ভব নেটওয়ার্ক সোসাইটির মাধ্যমে। এরিকসনের লক্ষ্য হচ্ছে নেটওয়ার্ক সোসাইটি গড়ে তোলা। সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আয়োজিত এক চা-চক্রে এরিকসনের কর্মকর্তারা এ কথা জানান।
চা-চক্রে আরও জানানো হয় নেটওয়ার্ক সোসাইটি হচ্ছে সবকিছুতে যুক্ত থাকার একটি মাধ্যম। এর আছে তিনটি ধরন—ব্রডব্রান্ড, মোবিলিটি ও ক্লাউড।
এরিকসন মনে করছে, ২০২০ সালের মধ্যে নেটওয়ার্ক সোসাইটি লাখো মানুষের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ ব্যবস্থাপনায় নিয়ে আসবে যুগান্তকারী পরিবর্তন।
অনুষ্ঠানে এরিকসনের ভাইস প্রেসিডেন্ট (বিজনেস ইউনিট সাপোর্ট সলিউশন) ইমানুয়েল ভিকলন্ড বলেন, নেটওয়ার্ক সোসাইটির সঙ্গে সম্পৃক্ততা মানেই উদ্ভাবন, সহযোগিতা ও সামাজিকীকরণের নতুন উৎস। এর মাধ্যমে স্বাধীন ক্ষমতায়ন ও অনুকূল পরিস্থিতি সৃষ্টি করা সম্ভব, এমনকি শিল্পনির্ভর সামাজিক কাঠামোও গড়ে তোলা সম্ভব। নেটওয়ার্ক সোসাইটি সম্পর্কে তিনি একটি তথ্যভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন।
এরিকসন বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট আল-বাতুনি সৈয়দ আহমেদ বলেন, বাংলাদেশের যোগাযোগব্যবস্থায় ভয়েস এবং ডেটা দুটোর বৃদ্ধিই অব্যাহত থাকবে। আগামী চার-পাঁচ বছরের মধ্যে আরও আড়াই কোটি গ্রাহক বৃদ্ধি পাবে।