এল উইন্ডোজ ৭ মোবাইল ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মাইক্রোসফট করপোরেশনের বহুল প্রতীক্ষিত স্মার্টফোন উইন্ডোজ ৭ (ডব্লিউপি ৭) ফোন বাজারে ছাড়া হয়েছে হয়েছে। গত সোমবার লন্ডন এবং নিউইয়র্কে একই সময়ে আনুষ্ঠানিকভাবে নতুন এ স্মার্টফোনটি ছাড়া হয়। এর আগে মাইক্রোসফট নতুন এ ফোনের জন্য নতুন অপারেটিং সিস্টেম চালু করে। নতুন এ ফোন এবং অপারেটিং সিস্টেম নিয়ে এবার মাইক্রোসফট অ্যাপল আইফোনের আইওএস, গুগলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েড চালিত ফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে। ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন এ ফোনটির বিভিন্ন বৈশিষ্ট্য সহজভাবে ব্যবহার-উপযোগী করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মাইক্রোসফটের কর্মকর্তারা।চালু হওয়ার পর থেকে অপারেটিং সিস্টেমটি বর্তমানে ৩০টি দেশের ৬০টি অপারেটরের ফোনে ব্যবহূত হচ্ছে। এ ফোনের অপারেটিং সিস্টেম ব্যবহারে শুধু মাইক্রোসফটের ই-মেইল সেবা হটমেইল নয়, সব রকম ই-মেইল সুবিধা উপভোগ করা যাবে। সঙ্গে থাকছে ক্যালেন্ডার, কনটাক্ট এবং সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের সুবিধাসহ অনেক কিছু। এ ছাড়া মাইক্রোসফট অফিস প্রোগ্রামের মাধ্যমে ওয়ার্ড ডকুমেন্ট পড়া, সম্পাদনাসহ থাকছে বিনিময়ের সুবিধা। তবে নতুন নতুন সব বৈশিষ্ট্য-সংবলিত বাজারে প্রচলিত স্মার্টফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছে মাইক্রোসফট। ২০০৮ সালের পর থেকে বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে মোবাইল ফোনভিত্তিক অপারেটিং সিস্টেম বাজারে মাইক্রোসফটের শেয়ার ক্রমাগত কমতে থাকে। তাই পুরোনো বাজার ফিরে পেতে মরিয়া মাইক্রোসফট ব্যবহারকারীদের চাহিদার ওপর বেশি নজর দিয়েছে। মাইক্রোসফটের নতুন এ উদ্যোগে তাদের হারানো অবস্থান ফিরিয়ে আনতে পারবে এমনই প্রত্যাশা করছেন বাজার বিশেষজ্ঞরা। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী