এল এলজির ৫৫ ইঞ্চি ওএলইডি টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওএলইডি প্রযুক্তির ৫৫ ইঞ্চি মাপের টেলিভিশন বাজারে আনল দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।অর্গানিক লাইট এমিটিং ডায়োড বা ওএলইডি প্রযুক্তিকে প্রযুক্তি বিশ্লেষকেরা বলেন, পরবর্তী প্রজন্মের টেলিভিশন। এ প্রযুক্তিটি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা এলসিডি তুলনায় অধিক শক্তি সাশ্রয়ী।এলজি দক্ষিণ কোরিয়ার বাজারেই নতুন প্রযুক্তির এই টেলিভিশন প্রথমে বিক্রি শুরু করবে। পরবর্তীতে এটি ইউরোপের বাজারেও পাওয়া যাবে।২০১২ সালের শুরুতেই এলজি ও স্যামসাং নিজস্ব ওএলইডি প্রযুক্তির টেলিভিশন বাজারে আনার ঘোষণা দিয়েছিল। তবে স্যামসাংয়ের আগেই এ প্রযুক্তির টেলিভিশন বাজারে আনল এলজি। গত বছরের জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিকস শো (সিইএস) মেলায় পরিবেশবান্ধব সুপার ‘ওএলইডি’ প্রযুক্তির হাই ডেফিনিশন টেলিভিশন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল এলজি ও স্যামসাং। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, পাতলা এই টেলিভিশন সাধারণ এলইডি টেলিভিশনের তুলনায় গুণাগুণের বিবেচনায় অনেক উন্নত হবে, তবে দাম পড়বে বেশি।এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটো আকারের ডিসপ্লে হিসেবে ওএলইডি ব্যবহারে তারা সফল, তবে বড় আকারের ডিসপ্লে নির্ভর ওএলইডি প্রযুক্তির টেলিভিশন এটাই প্রথম। বাজার বিশ্লেষকেরা আগামী বছরগুলোতে ওএলইডি টিভির বাজার বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছেন।