এল গুগল প্লের মোবাইল সংস্করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল ফোনে গুগল প্লে স্টোর
মোবাইল ফোনে গুগল প্লে স্টোর

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের তৈরি মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনে অ্যাপ্লিকেশন পাওয়ার জায়গা গুগল প্লের ( https://play.google.com) মোবাইল ফোন উপযোগী সংস্করণ চালু করা হয়েছে। এত দিন এর ওয়েব সংস্করণ থাকায় নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অ্যাপ নামাতেন ব্যবহারকারীরা৷ এবার মোবাইল সংস্করণ হওয়ায় ব্যবহারকারীরা আগের তুলনায় আরও সহজে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ নামাতে পারবেন। মূলত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদা মেটাতেই এমন উদ্যোগ নিয়েছে গুগল। নতুনভাবে উন্মোচিত মোবাইল মোবাইল সংস্করণটিতে রয়েছে বিশেষ নেভিগেশন মেন্যু। আর এতেই পাওয়া যাবে গুগল প্লে স্টোরের সব অপশন৷ একেবারে ওপরের দিকে রয়েছে ‘মাই অ্যাপস’ নামের অপশন, যেখানে ইতিমধ্যে ইনস্টল করা অ্যাপগুলো দেখা যাবে৷ এ ছাড়া রয়েছে সর্বশেষ অবমুক্ত হওয়া অ্যাপসগুলো বিস্তারিত। একই সঙ্গে পাওয়া যাবে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপসগুলোর তালিকা। তবে মোবাইল সংস্করণ হলেও এতে ইউজার ইন্টারফেসের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ ব্যবহারকারীরা আগের মতোই গুগল প্লে স্টোর দেখতে পারবেন৷
এর আগে মোবাইলের ফোনে ব্রাউজার থেকে গুগলের প্লে স্টোরে গেলে সাধারণত ডেস্কটপ সংস্করণের মতো গুগল প্লে স্টোর চালু হতো৷ আর এতে দ্রুততার সঙ্গে অ্যাপ নামানোর ক্ষেত্রে নানা সমস্যায় পড়তেন ব্যবহারকারীরা৷ মোবাইল সংস্করণ আনার ফলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন ব্যবহারকারীরা৷ ২০০৮ সালে চালু হওয়া অ্যান্ড্রয়েডের এ অ্যাপ স্টোর রয়েছে প্রায় ১০ লাখের বেশি অ্যাপ৷ এর মধ্যে কিনে যেমন অ্যাপ ব্যবহার করা যায়, তেমনি রয়েছে বিনা মূল্যে অ্যাপ ব্যবহারের সুবিধা। এখন যখনই কেউ মোবাইল কিংবা ট্যাবলেট থেকে গুগল প্লে স্টোরে যাবেন, তখনই মোবাইল সংস্করণ ব্যবহার করতে পারবেন৷
—জিএসএম অ্যারিনা ব্লগ অবলম্বনে কাজী আলম