এল গ্যালাক্সি এস টু ও ট্যাব ১০.১
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে ছাড়া হলো স্যামসাংয়ের স্মার্টফোন গ্যালাক্সি এস টু এবং ট্যাবলেট কম্পিউটার গ্যালাক্সি ট্যাব ১০.১। গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কাংইয়ুন লি এ দুটি পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, বিশ্বে মোবাইল ফোনের বাজারে স্মার্টফোন বিক্রিতে স্যামসাং এখন শীর্ষে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারেও উচ্চপ্রযুক্তির এ দুটি পণ্য ছাড়া হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেজা আলী, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের মহাব্যবস্থাপক সাংওয়াং সং, মোবাইল ফোন বিভাগের প্রধান হাসান মেহদি, ট্রান্সকম মোবাইল লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হাবিবুর রহমান মোল্লা, জাদুশিল্পী জুয়েল আইচসহ অনেকেই।হাসান মেহদি জানান, গ্যালাক্সি এস টু স্মার্টফোনে রয়েছে ৪.৩ ইঞ্চির সুপার এএমওএলইডি ডিসপ্লে, ১ গিগাহার্টজের ডুয়েল কোর প্রসেসর। এতে আরও আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এটি হালকা ও পাতলা।স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১-এ রয়েছে সম্পূর্ণ মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্ট প্যানেলসহ দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা। এই ট্যাবলেটটিতে আরও আছে কাস্টোমাইজড ইউজার ইন্টারফেস, এক্সেসরিজের ফুল পোর্টফোলিও, এইচএসপিএ+ এবং ওয়াই-ফাই প্রযুক্তি-সুবিধা।—আল-মামুন