এল টেকনোর স্পার্ক

দেশের বাজারে স্পার্ক নামের নতুন স্মার্টফোন এনেছে টেকনো মোবাইল। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের এইচডি আইপিএস ডিসপ্লের স্মার্টফোনটিকে সাশ্রয়ী দামের স্মার্টফোন বলছে প্রতিষ্ঠানটি। এর ফিচার হিসেবে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, উন্নত ক্যামেরা ও বিশেষ নকশার বিষয়টিকে তুলে ধরছে টেকনো।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক চাহিদা অনুযায়ী নতুনত্ব আনা হয়েছে স্পার্কে যা ব্যবহারকারীকে সাশ্রয়ী দামের স্মার্টফোনের দারুণ অভিজ্ঞতা দেবে। ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, তিন হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, পেছনে ১৩ ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেমের ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটির দাম ৯ হাজার ৯৯০ টাকা। স্মার্টফোনটিতে এক বছরের বেশি বিক্রয়োত্তর সেবা দেবে প্রতিষ্ঠানটি।
মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ট্রানশান হোল্ডিংসের প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো মোবাইল। সম্প্রতি বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।