এল নতুন আরেক আইপ্যাড

আইফোনের পর এবার আইপ্যাডের ক্ষেত্রেও চমক দিল অ্যাপল। গতকাল বৃহস্পতিবার আইপ্যাড এয়ার২ নামে নতুন সংস্করণের একটি ট্যাবলেটের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি, যার পুরুত্ব মাত্র ৬.১ মিলিমিটার। এর আগে ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি মাপের ৬.৯ ও ৭.১ মিলিমিটার পুরুত্বের আইফোন বাজারে এনেছে অ্যাপল। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে।

অ্যাপলের দাবি, বাজারের সবচেয়ে পাতলা ট্যাবলেট এনেছে তারা, যাতে বিশেষ ফিচার হিসেবে যুক্ত হয়েছে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্ক্রিনের ওপর অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং, এ৮এক্স প্রসেসর।
আইপ্যাড এয়ারের হালকা-পাতলা এ সংস্করণটির জনপ্রিয়তা পাওয়ার বিষয়টি নিয়ে বাজার গবেষকেরা সন্দিহান। অ্যান্ড্রয়েডের আধিপত্যে আইপ্যাডের বিক্রি বাড়বে কি না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন বাজার বিশ্লেষকেরা।
আইপ্যাড এয়ারের পাশাপাশি আইপ্যাড মিনি৩ নামে আইপ্যাড মিনির একটি সংস্করণেরও ঘোষণা দিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, বর্তমানে ট্যাবলেটের জনপ্রিয়তা ১১ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ ক্ষেত্রে লেনোভো ও আসুস সবচেয়ে ভালো করছে। সবচেয়ে বেশি বিক্রি হওয়া ট্যাবলেট ব্র্যান্ড হিসেবে অ্যাপল যদিও এখনো শীর্ষে রয়েছে, কিন্তু এক বছর আগের তুলনায় বাজারে প্রায় ৭ শতাংশ জনপ্রিয়তা খুইয়েছে আইপ্যাড।
আইডিসির একজন বাজার বিশেষজ্ঞ মনে করছেন, সম্প্রতি অ্যাপলের বাজারে আনা ৫.৫ ইঞ্চি মাপের আইফোন ৬প্লাসে নতুন আইপ্যাডের অধিকাংশ ফিচারগুলোই রয়েছে, যাতে নতুন আইপ্যাডের চাহিদা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
আইপ্যাড মিনির নতুন সংস্করণ প্রসঙ্গে বাজার গবেষক জিতেশ উবরানি বলেন, ‘অ্যাপল এখন যেহেতু বড় মাপের আইফোন বাজারে ছেড়েছে তাই আইপ্যাড মিনি কোন বাজারে বেশি চলবে, সেটি ঠিক করতে হবে। এখন দেখা যাচ্ছে, বাজার ছোট ছোট ট্যাবের দিকে বেশি ঝুঁকছে। বিশেষ করে স্মার্টফোন ও ট্যাবের ফিচারযুক্ত ফ্যাবলেটগুলোর বাজার বাড়ছে। এখন স্মার্টফোনের স্ক্রিনের আকার যেমন বাড়ছে তার বাজারও তেমনই বাড়ছে। আইপ্যাড মিনির জন্য বাজার সৃষ্টি না করলে এর বিক্রি পড়ে যেতে পারে বলেই মনে হচ্ছে।’
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, তিনি মনে করেন পিসি বা কম্পিউটারের বাজারকে ছাড়িয়ে যাবে ট্যাবলেটের বাজার। অ্যাপল ও আইবিএমের মধ্যে চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আইপ্যাডের বিক্রিও দ্রুতই বাড়বে। অ্যাপল ও কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান আইবিএম মিলে ব্যবসাবিষয়ক বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরির জন্য চুক্তি করেছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে ব্যবসা করলে তার সম্ভাবনা অধিক হলেও গ্রাহক পর্যায়ে বিক্রি বাড়ানো চ্যালেঞ্জই হয়ে দাঁড়াবে।
আইপ্যাড এয়ার২ সংস্করণটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে পেছনের দিকে আট মেগাপিক্সেল ক্যামেরা, যাতে স্লো মোশন ভিডিও করা যাবে। এ ছাড়া সামনের দিকের ক্যামেরাটি সেলফি তোলার সুবিধার্থে উন্নত করেছে অ্যাপল। এ ছাড়া এতে যুক্ত হয়েছে উন্নত ওয়াই-ফাই চিপ।
আগামী সপ্তাহ থেকেই নতুন আইপ্যাড বিক্রি শুরু হবে।

গতকাল অ্যাপল কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানে নতুন আইম্যাকেরও ঘোষণা দিয়েছে অ্যাপল। অ্যাপলের বিপণন বিভাগের প্রধান ফিল শিলার ৫কে রেজুলেশন সুবিধার নতুন আইম্যাক কম্পিউটারের ঘোষণা দেন। অ্যাপলের দাবি, ৫কে বা ৫২১০ বাই ২৮৮০ পিক্সেল রেজুলেশনের ২৭ ইঞ্চি মাপের স্ক্রিনযুক্ত আইম্যাক বাজারের সবচেয়ে বেশি রেজুলেশনের ডিসপ্লেযুক্ত কম্পিউটার। বর্তমানে ১০৮০ পিক্সেলের ফুল এইচডি টেলিভিশনের চেয়েও আইম্যাকে বেশি রেজুলেশন পাওয়া যাবে। অনুষ্ঠানে ম্যাক মিনি নামে ছোট কম্পিউটারেরও নতুন সংস্করণ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল।