এল সনির এক্সপেরিয়া জেড আলট্রা ফ্যাবলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক্সপেরিয়া জেড আলট্রা ফ্যাবলেট
এক্সপেরিয়া জেড আলট্রা ফ্যাবলেট

ছয় দশমিক চার ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। জনপ্রিয় স্মার্টফোন এক্সপেরিয়া জেড-এর নতুন সংস্করণ হিসেবে স্মার্টফোনটির নাম ‘এক্সপেরিয়া জেড আলট্রা’ রেখেছে সনি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
পানি-রোধী এ স্মার্টফোনটিকে ‘ফ্যাবলেট’ বলছেন সনির কর্মকর্তারা। ৭ ইঞ্চি ট্যাবলেটের চেয়ে ছোট আবার প্রচলিত ৫ ইঞ্চি স্মার্টফোনের চেয়ে আকারে বড় পণ্যগুলোকে ফ্যাবলেট বলেন প্রযুক্তি বিশ্লেষকেরা। সনির দাবি, ‘এক্সপেরিয়া জেড আলট্রা’ হবে বিশ্বের সবচেয়ে পাতলা ফ্যাবলেট। এটি ছয় দশমিক পাঁচ ইঞ্চি পুরু। এর আগে ১৮ জুন ছয় দশমিক ১৮ ইঞ্চি পুরুত্বের চার দশমিক সাত ইঞ্চি মাপের অ্যাসান্ড পি৬ নামের একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে হুয়াউয়ে।

সনির কর্মকর্তারা জানিয়েছেন, বড় মাপের স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের আধিপত্য ঠেকাতেই নতুন ফ্যাবলেট আনছেন তাঁরা। এ স্মার্টফোনটিতে স্টাইলাসের পাশাপাশি পেনসিল বা কলম শনাক্তকরণ প্রযুক্তি রাখা হয়েছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি মার্কেট রিসার্চের গবেষকেরা জানিয়েছেন, গ্যালাক্সি সিরিজের বড় মাপের স্মার্টফোনের কল্যাণে ফ্যাবলেট বাজারের ৭০ শতাংশই এখন স্যামসাংয়ের দখলে। বর্তমানে বড় মাপের স্মার্টফোনের বাজারে ৫ ইঞ্চি মাপের সনি এক্সপেরিয়া জেড দিয়ে টিকে রয়েছে সনি।

দক্ষিণ এশিয়ার বাজারে জুলাই মাস নাগাদ এ স্মার্টফোনটি ছাড়তে পারে সনি। ফ্যাবলেটটির দাম এখনও প্রকাশ করেনি সনি কর্তৃপক্ষ।

এক্সপেরিয়া জেড আলট্রার ফিচার:

১. ছয় দশমিক চার ইঞ্চি মাপের উন্নত রেজুলেশনের ডিসপ্লে।

২. ছয় দশমিক পাঁচ মিলিমিটার পুরুত্ব।

৩. অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।

৪. সামনে দুই ও পেছনে আট মেগাপিক্সেল ক্যামেরা।

৫. এনএফসি, ব্লুটুথ সংযোগ।

৬. দ্রুতগতির কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর।

৭. পানি-রোধী।

৮. ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি।

৯. ১১ ঘণ্টা টক টাইম।

১০. হাতের লেখা শনাক্তকারী প্রযুক্তি।