স্যামসাং গ্যালাক্সি নোট ৮ স্মার্টফোন উন্মোচন করা হবে ২৩ আগস্ট—স্যামসাংয়ের পক্ষ থেকে এমনটা ঘোষণা দেওয়া হয়েছিল কিছুদিন আগে। সে অনুযায়ী গত বুধবারই স্যামসাং এই ফোন উন্মোচন করে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এক অনুষ্ঠানে ফোন বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। গত বছর বাজারে আসা গ্যালাক্সি নোট ৭-এর ব্যাটারি বিস্ফোরণের ঘটনার পর থেকেই নতুন এই নোট ৮ নিয়ে ব্যাপক গুঞ্জন উঠেছিল। উন্মোচনের পর থেকেই তাই প্রযুক্তিপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছে নোট ৮। বুধবার থেকে আগাম ফরমাশও নেওয়া হচ্ছে এই ফোনের।
১৫ সেপ্টেম্বর থেকে গ্যালাক্সি নোট ৮ বাজারে পাওয়ার কথা রয়েছে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৯২৯ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৭৫ হাজার ৪৭১ টাকা। উন্মোচন অনুষ্ঠানে স্যামসাং ফোনটির বেশ কিছু সুবিধার কথা জানিয়েছে। এর মধ্যে নোট ৮-এর ১২ মেগাপিক্সেলের উচ্চমানের ডুয়াল ক্যামেরাই আলোচনার শীর্ষে রয়েছে।
এ ছাড়া গ্যালাক্সি নোট ৮-এ রয়েছে ৬.৩ ইঞ্চির বিশাল কোয়াড এইচডি প্লাস সুপার অ্যামোলেড ‘ইনফিনিটি’ পর্দা। বড় পর্দার নোট ৮-এর রেজল্যুশন ২৯৬০ x ১৪৪০ পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি ৫২১ পিপিআই। এ ছাড়া অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, সঙ্গে এলপিডিডিআর ৪ র্যামের ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৭.১.১ ন্যুগাট। তবে যুক্তরাষ্ট্র ব্যতীত অন্যান্য দেশে চিপসেট হিসেবে থাকবে এক্সিনোস ৮৮৯৫। নোট ৮-এ ৬৪,১২৮ ও ২৫৬ গিগাবাইটের তিনটি সংস্করণের স্টোরেজ থাকছে।
গত বছর নোট ৭-এর ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় এবার নোট ৮-এর ব্যাটারির প্রতিই দৃষ্টি রয়েছে সবার। ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে এই ফোনে। দ্রুত ব্যাটারি চার্জের জন্য রয়েছে ফাস্ট চার্জ সুবিধা, যা মাত্র ৩০ মিনিটেই ব্যাটারির প্রায় ৫০ ভাগ চার্জ করতে সক্ষম। এ ছাড়া ওয়্যারলেস চার্জিং তো থাকছেই। ফোনের পর্দায় লেখালেখি করার জন্য থাকছে নোট এস পেন। নতুন সুবিধা হিসেবে নোট ৮-এ এই কলম দিয়ে ম্যাসেজ লেখাসহ আরও বেশ কিছু সুবিধা রয়েছে।
নতুন গ্যালাক্সি নোট ৮-এ রয়েছে স্যামসাংয়ের নতুন ভার্চ্যুয়াল সহকারী ‘বিক্সবি’র উন্নত সংস্করণ। এ ছাড়া ফোনের নিরাপত্তায় রয়েছে ‘আই স্ক্যানার’। চোখের সাহায্যেই আনলক করা যাবে নোট ৮।
সূত্র: ম্যাশেবল, বিজনেস ইনসাইডার