এল হাতিরঝিল নিয়ে কম্পিউটার গেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতিরঝিল ড্রিম বিগিনস গেমের একটি দৃশ্য (স্ক্রিনশট)
হাতিরঝিল ড্রিম বিগিনস গেমের একটি দৃশ্য (স্ক্রিনশট)

রাজধানীর হাতিরঝিলের নান্দনিক স্থাপত্য সৌন্দর্য নিয়ে ‘হাতিরঝিল ড্রিম বিগিনস’ কম্পিউটার গেম বাজারে ছাড়া হয়েছে। এটি তৈরি করেছে ম্যাসিভ স্টার স্টুডিও। গতকাল সোমবার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে গেমটির মোড়ক উন্মোচন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এ সময় তিনি বলেন, ‘তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সেটিকে সম্পদে রূপান্তর করতে হবে। আমরা একটি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন দেখছি। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রযুক্তিনির্ভর একটি প্রজন্ম তৈরি করতে হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান বলেন, ‘দেশের একদল তরুণ যে এ গেমটি সফলভাবে তৈরি করেছেন, তা একটি বড় ঘটনা।’ ম্যাসিভ স্টার স্টুডিওর প্রধান নির্বাহী মাহবুবুল আলম বলেন, ‘এখন বাংলাদেশ থেকে বাণিজ্যিকভাবে কম্পিউটার গেমস রপ্তানি করা সম্ভব হবে। প্রতিবছরই হাতিরঝিল ড্রিম বিগিনস গেমের নতুন সংস্করণ প্রকাশ করা হবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস নিয়ে “৭১” শিরোনামে আরও একটি গেম নির্মাণের কাজ শুরু করেছি।’ অনুষ্ঠানে বক্তৃতা করেন বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান, ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুসহ অনেকে।
রেসিং ধাঁচের এ গেমটির দৃশ্যায়নে এসেছে হাতিরঝিল। গাড়ি, স্পিডবোট ও বিমান নিয়ে খেলা যাবে গেমটি। তিন ধরনের যান চালানো যাবে হাতিরঝিলের রাস্তায়, এর সড়ক এবং আকাশে। গেমটিতে রয়েছে ৩১টি পর্ব। আপাতত গেমটি খেলা যাবে কম্পিউটারে। মোবাইল ফোনে খেলার জন্য তৈরি হচ্ছে অ্যানড্রয়েড সংস্করণ। হাতিরঝিল ড্রিম বিগিনস গেমটি ২৭ মার্চ থেকে পাওয়া যাবে ঢাকার প্রযুক্তি বাজারে। এক সিডির এ গেমের দাম ১৫০ টাকা। —মো. রাফাত জামিল