এলজি আনছে নতুন পিসি, ট্যাব

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য কনজুমার ইলেকট্রনিকস শো (সিইএস) উপলক্ষে নতুন পণ্য আনছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। এবারে এলজির চমক হিসেবে থাকছে আলট্রা পিসি, ট্যাব-বুক ২ ও অল-ইন-ওয়ান পিসি।
এলজির নতুন আলট্রা পিসির মডেল হবে ১৩জেড৯৪০। ১৩.৩ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এই হালকা-পাতলা ল্যাপটপটির ওজন হবে এক কেজির কম। ইনটেলের চতুর্থ প্রজন্মের কোর আই৫ প্রসেসরনির্ভর ল্যাপটপটি ১২৮জিবি ও ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ সুবিধায় পাওয়া যাবে।
এলজির আরেকটি পণ্য হবে ট্যাব-বুক২ হাইব্রিড। কোয়ারটি কি-বোর্ড সুবিধার এ ট্যাবটিতে থাকবে ১১.৬ ইঞ্চি মাপের টাচস্ক্রিন। এক কেজি ওজনের এ হাইব্রিড ট্যাবটি পিসি ও ট্যাব উভয় হিসেবে ব্যবহার করা যাবে। ইনটেলের কোর আই৫ প্রসেসর নির্ভর এ হাইব্রিড হবে যথেষ্ট হালকা-পাতলা।
এবারের সিইএস উপলক্ষে একটি অল-ইন-ওয়ান পিসির মডেল আনছে এলজি। ২৭ভি৭৪০ মডেলের এই পিসিতে ২৭ ইঞ্চি মাপের ডিসপ্লে, ইনটেলের প্রসেসর ও এনভিডিয়ার গ্রাফিকস থাকবে। এই পিসিতে একই সঙ্গে টিভি দেখা ও ইন্টারনেট ব্রাউজ করা যাবে।