এলজি আনছে ‘গুগল টিভি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি ‘গুগল টিভি’ বাজারে আনছে। এলজির এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের বাজারে ইন্টারনেট সুবিধাযুক্ত গুগল অপারেটিং সিস্টেম-নির্ভর টেলিভিশন বাজারে ছাড়বে এলজি। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ইন্টারনেট সুবিধাযুক্ত টেলিভিশনের বাজার দখলে আগেভাগেই গুগল ও এলজি মিলে এ টেলিভিশন বাজারে আনছে। এ ক্ষেত্রে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে প্রতিষ্ঠানটিকে। কারণ, আগামী বছরের শুরুর দিকেই স্মার্টফোনের বাজার দখল করা অ্যাপল ‘আইটিভি’ নামের স্মার্ট টেলিভিশনটি বাজারে ছাড়তে পারে। এলজি টেলিভিশন ব্যবসার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রো সিঘো জানিয়েছেন, মেক্সিকোর কারখানায় ১৭ মে থেকে গুগল টিভি তৈরি শুরু হবে আর যুক্তরাষ্ট্রের ক্রেতারা ২১ মে থেকে এই টেলিভিশনটি বাজারে কিনতে পারবেন। উল্লেখ্য, গুগল টেলিভিশনের মাপ ও দাম বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি এলজি।গুগল টেলিভিশনে গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহারসহ ইন্টারনেট ব্রাউজিং, ইউটিউব ভিডিও দেখার মতো সুবিধাগুলো পাওয়া যাবে।