এলজি আনল সাড়ে পাঁচ ইঞ্চি'জিএক্স'স্মার্টফোন

বাঁকানো ডিসপ্লের জিফ্লেক্সের পর এবারে ‘জিএক্স’ নামে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের একটি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন বাজারে এনেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি।
জিএক্স স্মার্টফোনটি আনার মাধ্যমে ‘জি’ সিরিজকে আরও সমৃদ্ধ করেছে প্রতিষ্ঠানটি। এর আগে জি-সিরিজে জিপ্রো ও জি২ ও জিফ্লেক্স স্মার্টফোন এনেছে এলজি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছে।
এলজি জানিয়েছে, জিএক্স স্মার্টফোনটিতে রয়েছে উন্নত রেজুলেশনের সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে ও কোয়াড কোরের স্ন্যাপড্রাগন প্রসেসর যা দ্রুতগতিতে প্রসেসিং করতে পারে। অ্যান্ড্রয়েডের জেলি বিন সংস্করণের অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনটিতে থাকছে ১৩ ও ২.১ মেগাপিক্সেলের ক্যামেরা, ৩২ গিগাবাইট স্টোরেজ, দুই গিগাবাইট র্যাম। দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার জন্য স্মার্টফোনটিতে ৩১৪০অ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে। ফোরজি, ব্লুটুথ ৪.০, ইউএসবি ২.০ ও এনএফসির মতো সুবিধাও থাকবে এ স্মার্টফোনটিতে।
সাদা ও কালো রঙে এ স্মার্টফোন দুটি কোরিয়ার বাজারে বিক্রি শুরু হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে এ স্মার্টফোন কবে নাগাদ আসবে এবং দাম কতো হবে সে বিষয়ে এখনও তথ্য জানায়নি এলজি।
এদিকে বাজার বিশ্লেষকেরা বলছেন, স্মার্টফোনের বাজারে এলজিকে এখন অ্যাপল, স্যামসাং, হুয়াউয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। বর্তমানে স্মার্টফোন বাজারে শীর্ষ পাঁচটি ব্র্যান্ডের মধ্যে রয়েছে এলজি।
এলজির দাবি, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রযুক্তি ও নকশার স্মার্টফোন তৈরি করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে নমনীয় স্মার্টফোনের ডিসপ্লে তৈরিতে কাজ করছে এলজি। এর আগে গত সেপ্টেম্বর মাসে জিফ্লেক্স নামে বাঁকানো ডিসপ্লেযুক্ত একটি স্মার্টফোন বাজারে এনেছে কোরিয়ার এ প্রযুক্তি-প্রতিষ্ঠানটি। বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন বাজারে এনে স্যামসাংয়ের গ্যালাক্সি রাউন্ড নামে বাঁকানো ডিসপ্লের স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে এলজি।