এলভিস প্রিসলির ‘প্রত্যাবর্তন’!
আবারও গাইতে দেখা যাবে ‘হাউন্ড ডগ’খ্যাত কিংবদন্তির রক তারকা এলভিস প্রিসলিকে। রক অ্যান্ড রোলের কিংবদন্তি শিল্পী এলভিসকে ভারচুয়াল করে সংগীতের অঙ্গনে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে ডিজিটাল ডোমেইন মিডিয়া গ্রুপ। হলোগ্রামের মাধ্যমে ভারচুয়াল এলভিস প্রিসলিকে উপস্থাপন করে টেলিভিশন বা অনলাইনের বিভিন্ন অনুষ্ঠান ও সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। ৬ জুন বুধবার এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এলভিসকে নিয়ে ভারচুয়াল অনুষ্ঠান তৈরির জন্য ডিজিটাল ডোমেইন মিডিয়া গ্রুপ ও এলভিস প্রিসলি এন্টারপ্রাইজেস একসঙ্গে কাজ করবে। এলভিস প্রিসলি এন্টারপ্রাইজেস মূলত প্রিসলি ব্র্যান্ড নিয়ে কাজ করে।এদিকে ডোমেইন মিডিয়া গ্রুপের ক্ষেত্রেও শিল্পীকে ভারচুয়াল করার অভিজ্ঞতা নতুন নয়। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালে বিখ্যাত র্যাপার টুপাক শাকুরকে ভারচুয়ালভাবে উপস্থাপন করেছিল প্রতিষ্ঠানটি। এ অনুষ্ঠানে ৯০ হাজারের বেশি শ্রোতাকে মুগ্ধ করছিল সে পরিবেশনা। এলভিস প্রিসলি এন্টারপ্রাইজেসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জ্যাক সোডেন এ প্রসঙ্গে জানিয়েছেন, এলভিস প্রিসলির কণ্ঠে গান শোনার চমত্কার একটি পদ্ধতি হবে এটা। প্রিসলির দীর্ঘদিনের ভক্তদের মধ্যে আবারও সাড়া জাগানোর ও নতুন শ্রোতাদের কাছে ভারচুয়ালভাবে প্রিসলিকে উপস্থাপন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।