এলসিডি ছেড়ে ওএলইডিতে যাচ্ছে স্যামসাং
এত দিন লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বা এলসিডির ব্যবসা চালিয়ে গেলেও ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এবারে এ ব্যবসা থেকে সরে যাওয়ার কথা ভাবছে। সংবাদ সংস্থা রয়টার্স সম্প্রতি এ তথ্য দিয়েছে। বুধবার স্যামসাং কর্তৃপক্ষ এলসিডি ব্যবসা থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে।২০১০ সাল পর্যন্ত টেলিভিশন স্ক্রিন বা পর্দার ক্ষেত্রে জনপ্রিয় প্রযুক্তি বলতে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেকেই (এলসিডি) বোঝাত। এলসিডি তৈরিতে এগিয়ে ছিল স্যামসাং, এলজির মতো প্রতিষ্ঠানগুলো। সে বছরের মাঝামাঝি সময় থেকেই এলসিডির জনপ্রিয়তার ভাটা পড়তে শুরু করে। এর কারণ সাশ্রয়ী দামের নতুন স্ক্রিন প্রযুক্তি উদ্ভাবন করে ফেলেছিল চীনা নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকেরা বলেছেন, স্যামসাং অবশ্য আগেই এলসিডি ব্যবসা থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। কারণ, চলতি বছরের শুরুতেই সনি করপোরেশনের সঙ্গে এলসিডি তৈরির চুক্তি বাতিল করেছে স্যামসাং। এলসিডি ব্যবসা থেকে সরে গিয়ে স্যামসাং নতুন প্রযুক্তির লাইট-এমিটিং ডায়োড (ওএলইডি) স্ক্রিন তৈরিতে মনোযোগ দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ওএলইডি প্রযুক্তিটি স্মার্টফোনের স্ক্রিন তৈরিতে ব্যবহূত হয়। আর এলসিডিকে সরিয়ে টেলিভিশন স্ক্রিন হিসেবে এ প্রযুক্তিই আনার জন্য কাজ করছে স্যামসাং। চলতি বছরের শুরুতেই স্যামসাং কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল তাদের মোবাইল ডিসপ্লে (এসএমডি) পুরোটাই ওএলইডি ভিত্তিক হবে।উল্লেখ্য, স্যামসাং ছাড়াও নতুন প্রযুক্তির এই ওএলইডি ফ্লাট স্ক্রিন ডিসপ্লে তৈরির কাজ করছে আরেক ইলেকট্রনিক পণ্য নির্মাতা এলজি ।