এলিফ্যান্ট রোডের কম্পিউটার মেলা আজ থেকে
আজ থেকে ঢাকার এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটিতে শুরু হচ্ছে কম্পিউটার মেলা। এবারের মেলার স্লোগান ‘তথ্যপ্রযুক্তির আলোয় বাংলাদেশ।’ মেলার প্রাক্কালে গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজকেরা।মেলার বিস্তারিত তুলে ধরেন মেলার কমিটির আহ্বায়ক তৌফিক এহসান। তিনি বলেন, দিনবদলের মাধ্যমে জিডিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। আজ সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।নয় দিনের এই মেলায় প্রযুক্তির নতুন নতুন পণ্য প্রদর্শন করা হবে। কমবেশি প্রতিটি পণ্যেই থাকবে ছাড় বা উপহার। এ সময় উপস্থিত ছিলেন কিউবির জনসংযোগ কর্মকর্তা শামীমা আক্তার, মেলার মিডিয়া উপকমিটির প্রধান মনোয়ার হোসেন তালুকদার প্রমুখ। ১০ তলার মাল্টিপ্ল্যান সেন্টারের ৯৬ হাজার বর্গফুট এলাকাজুড়ে চলবে এ মেলা।৪০০টির বেশি তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলার বিশেষ আয়োজনের মধ্যে থাকছে তথ্যপ্রযুক্তি নিয়ে একাধিক সেমিনার, বিতর্ক, শিশুদের চিত্রাঙ্কন, আইসিটি কুইজ প্রতিযোগিতা ও রক্তদান কর্মসূচি। মেলা চলাকালে আয়োজকদের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে আনা-নেওয়ার ব্যবস্থা থাকছে। এ ছাড়া প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য সুন্দরবনকে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হবে মেলায়। এবারই প্রথম মেলায় প্রতি পাঁচ ঘণ্টা পর পর প্রবেশ টিকিটের ওপর র্যাফল ড্র অনুষ্ঠিত হবে। পুরো মেলা প্রাঙ্গণে থাকছে তারহীন দ্রুতগতির ওয়াইম্যাক্স ব্যবহারের সুবিধা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা, তবে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। ‘ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১০’ নামের এ মেলার মূল পৃষ্ঠপোষক তারহীন ওয়াইম্যাক্স সংযোগদাতা প্রতিষ্ঠান কিউবি।এছাড়া পৃষ্ঠপোষকতা করছে স্যামসাং ও তোশিবা। মেলার খবর তাৎক্ষণিকভাবে ইন্টারনেটে প্রকাশ করবে টেকজুম২৪ (www.techzoom24.com)। —তারিকুর রহমান খান