এলিফ্যান্ট রোডের মেলা শেষ হচ্ছে আজ
আজ সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সিটি সেন্টারে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার মেলা ‘ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১২’ শেষ হচ্ছে। বেলা তিনটায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ছয় দিনের মেলার পর্দা নামবে। ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ বিশেষ মেলার আয়োজন করে মাল্টিপ্ল্যান সিটি সেন্টার দোকান মালিক সমিতি। মেলায় প্রতিদিনই বিভিন্ন প্রযুক্তিপণ্যে বিশেষ ছাড় ও উপহার দেওয়া হয়। এ ছাড়া র্যা ফেল ড্রতে প্রতিদিন ক্যামেরা, জ্যাকেটসহ নানা পুরস্কার জিতে নিয়েছেন ভাগ্যবান দর্শকেরা। মেলায় প্রায় ৫৫০টি তথ্যপ্রযুক্তি-প্রতিষ্ঠান চলমান সময়ের নানা প্রযুক্তির পাশাপাশি সর্বশেষ সংস্করণের প্রযুক্তিগুলোও প্রদর্শন করে। এ ছাড়া মেলায় চতুর্থ দিন থেকে শুরু হওয়া রক্তদান কর্মসূচি আজও চলবে।নিজেদের সর্বশেষ প্রযুক্তিগুলোর সঙ্গে পরিচিত করার পাশাপাশি পছন্দের প্রযুক্তিপণ্য কিনেছেন ক্রেতারা। ব্রাদার্স আইটি লিমিটেডের বিক্রয়কর্মী আরিফুর রহমান বলেন, বছরের অন্যান্য সময়ের চেয়ে মেলায় বিক্রি বেশি হয়। এ সময় ক্রেতারাও নানা ছাড় আর উপহার থেকে তাঁদের সাধ্যমতো পণ্য কিনে নেন।সফলতা প্রসঙ্গে মেলার আহ্বায়ক ও মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সভাপতি তৌফিক এহেসান বলেন, ‘গত পাঁচ দিনে মাল্টিপ্ল্যান সেন্টারের মেলায় অন্য সময়ের চেয়ে মানুষের প্রবেশ ছিল অনেক বেশি। আর এ বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণেই মেলা সফল হয়েছে। আর আমরা জলবায়ু পরিবর্তনে সবুজ প্রযুক্তি তথা পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করেছি।’মেলায় আসা শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘নতুন প্রযুক্তিগুলো দেখতে মেলায় এসেছি। মেলায় তথ্যপ্রযুক্তি নিয়ে অনেক কিছু শিখতে পারলাম।’মেলায় বিল্ট-ইন সিপিইউসহ বিশেষ মনিটর পাওয়া যাচ্ছে বন্ধন আইটি লিমিটেড প্রতিষ্ঠানে। এটির দাম সাড়ে ২৭ হাজার টাকা। মেলা আজ রাত আটটা পর্যন্ত চলবে। টিকিটের দাম ১০ টাকা। শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। মেলার প্রধান পৃষ্ঠপোষক ইন্টারনেট সোবাদতা প্রতিষ্ঠান কিউবি। পৃষ্ঠপোষক হিসেবে আরও রয়েছে আসুস, গিগাবাইট, বুলগার্ড, লজিটেক, ফুজিৎসু ও টিপলিংক। —নিজস্ব প্রতিবেদক