এলিফ্যান্ট রোডের মেলা ২৯ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটিতে নয় দিনের কম্পিউটার মেলা শুরু হবে ২৯ ডিসেম্বর। ‘ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১০’ নামের মেলা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। ‘তথ্যপ্রযুক্তির আলোয় বাংলাদেশ’ স্লোগান নিয়ে ২৯ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে ডিজিটাল আইসিটি ফেয়ার। গতকাল বুধবার মেলা উপলক্ষে মাল্টিপ্ল্যান সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক তৌফিক এহসান জানান, দেশকে ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করতে সবার হাতের নাগালে তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দিতে হবে। আর সবার মধ্যে প্রযুক্তিপণ্য পৌঁছে দিতে তথ্যপ্রযুক্তি মেলার বিকল্প নেই।’ ১০ তলার মাল্টিপ্ল্যান সেন্টারের ৯৬ হাজার বর্গফুট এলাকাজুড়ে আয়োজিত মেলায় ৪০০টির বেশি তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান অংশ নেবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের মেলায় মানসম্পন্ন ব্র্যান্ডের সর্বশেষ প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হবে। মেলা উপলক্ষে পণ্যের মূল্যছাড়ের পাশাপাশি বিশেষ অফার ঘোষণা করবে প্রতিটি প্রতিষ্ঠান। বিশেষ আয়োজন হিসেবে থাকবে তথ্যপ্রযুক্তি নিয়ে বিভিন্ন সেমিনার, বিতর্ক, শিশুদের চিত্রাংকন, আইসিটি কুইজ প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি। এ ছাড়া প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে জন্য সুন্দরবনকে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হবে মেলায়। এবারই প্রথম মেলায় প্রতি পাঁচ ঘণ্টা পর পর প্রবেশ-টিকিটের ওপর র‌্যাফল ড্র অনুষ্ঠিত হবে। মেলায় দর্শকেরা তারহীন ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। মেলা প্রতিদিন খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। — তারিকুর রহমান খান