এলিফ্যান্ট রোডের মেলায় নানা আয়োজন
ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে চলছে ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১১। গতকাল বুধবার মেলার তৃতীয় দিনে দেখা গেছে, বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে নিজের পছন্দের পণ্যটি কেনার জন্য ভিড় করছেন দর্শকেরা। মেলা উপলক্ষে প্রতিটি প্রযুক্তি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ছাড় দিচ্ছে। মেলায় এসেছে এইচপি প্রোবুক ৪৪৩০এস একটি ল্যাপটপ। এর বহিরাবরণ ধাতব পদার্থের।সিটিসেল জুম আলট্রা মডেমের ওপর বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। মেলা থেকে কেউ কম্পিউটার কিনলে বাড়তি ৭৫০ টাকা দিয়ে পেতে পারেন এই মডেম। মেলায় বিভিন্ন দোকানে দোয়েল ব্র্যান্ডের ল্যাপটপ বুকিং নেওয়া হচ্ছে। এইচপি, ফুজিৎসু, ডেল, সনি ভায়ো, আসুস, স্যামসাং ও তশিবাসহ সব ধরনের নেটবুক ও ল্যাপটপে এক থেকে দুই হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। আর সঙ্গে দেওয়া হচ্ছে ইন্টারনেটের মডেমসহ আরও অনেক পুরস্কার ও স্ক্র্যাচ কার্ড। বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্টিভাইরাস মিলছে বিশেষ মূল্য ছাড়ে।গতকাল মেলায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রথম প্রতিযোগিতায় ঢাকা নটরডেম কলেজের এনডিসি গোল্ড ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের আরডিএস-২১ দলকে হারিয়েছে। সেরা বক্তা হয়েছেন এনডিসি গোল্ড দলের দলনেতা তৌহিদুর রহমান তুরাগ।দ্বিতীয় প্রতিযোগিতায় ঢাকা ইমপেরিয়াল কলেজ দলের বিপক্ষে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বিজয়ী হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিষয় ছিল ‘কার্বন নিঃসরণই পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ’। এতে বিজয়ী হয়েছে নটরডেম কলেজ দল।মেলার পরবর্তী আয়োজন হিসেবে থাকছে আইসিটি নিয়ে সেমিনার, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।মেলার প্রবেশমূল্য ১০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।—মোছাব্বের হোসেন