এলো স্মার্টঘড়ি 'অ্যাপল ওয়াচ' এবং 'আইফোন ৬'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনো শহরে নতুন পণ্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অ্যাপলের স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ দেখানো হয়। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনো শহরে নতুন পণ্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অ্যাপলের স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ দেখানো হয়। ছবি: রয়টার্স

স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ এবং আইফোনের বড় আকারের দুটো নতুন মডেল ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। পাশাপাশি মুঠোফোনে লেনদেনের জন্য ‘অ্যাপল পে’ নামে একটা সেবাও চালু করতে যাচ্ছে অ্যাপল ইনকরপোরেশন।
সৃষ্টিশীলতায় নিজেদের সুনাম ফিরিয়ে আনার প্রত্যয়ে অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে এই ঘোষণা দেন। খবর রয়টার্স ও বিবিসির।

আইপ্যাড-এর পর স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’-ই বাজারে অ্যপলের প্রথম নতুন পণ্য। অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর প্রায় তিন বছর পর বাজারে এই স্মার্টঘড়ি ছাড়ার মধ্য দিয়ে কোম্পানিটির নতুন অভিযাত্রা শুরু হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ‘অ্যাপল ওয়াচ’-এর দাম পড়তে পারে ২৫০ মার্কিন ডলার।

অ্যাপলের স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ কিছু অত্যাধুনিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকারের কাজ করবে এবং আইফোনের সঙ্গে যুক্ত থাকবে। বাজারে ইতোমধ্যেই বেশ কিছু স্মার্টঘড়ি থাকার পরও অ্যাপল এই স্মার্টঘড়ি বাজারে ছাড়ছে। আর এ নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন—অ্যাপলের ইতিহাসই হলো একটা প্রযুক্তির ক্ষেত্রে তুলনামূলকভাবে দেরিতে প্রবেশ করে পরবর্তীতে সেই ক্ষেত্রটার গতিপথই পাল্টে দেওয়া।

এদিকে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাজারে আসছে উন্নততর স্ক্রিন রেজুলেশনসহ আইফোনের বড় আকারের নতুন মডেল ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’। ‘আইফোন ৬’-এর আকার ৪.৭ ইঞ্চি এবং ‘আইফোন ৬ প্লাস’-এর আকার ৫.৫ ইঞ্চি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন অ্যাপ্লিকেশন ও নানা সুযোগ-সুবিধাসহ আইফোনের এই দুটো নতুন মডেল দিয়ে হয়তো অ্যাপল ক্রেতাদের অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা ঠেকাতে পারবে।

অ্যাপলের নতুন সেবা ‘অ্যাপল পে’ সম্পর্কেও অত্যন্ত আশাবাদী কোম্পানিটির সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) টিম কুক। কুপারটিনো শহরের ফ্লিন্ট সেন্টারে নতুন পণ্য সামগ্রীর মোড়ক উন্মোচনে আয়োজিত ওই জাঁকজমকপুর্ণ অনুষ্ঠানে কুক বলেছেন, এটা ক্রেতাদের ‘মানিব্যাগের বিকল্প’ হয়ে উঠবে।

প্রযুক্তি অঙ্গনসহ নানা ক্ষেত্রের তারকা আর বিশিষ্ট ব্যক্তিত্বের এক মিলনমেলা হয়ে উঠেছিল কুপারটিনোতে অ্যাপলের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রযুক্তি বিশ্ব যে অনেক দিন ধরেই অ্যাপলের এসব নতুন পণ্য ছাড়ার অপেক্ষায় ছিল তা যেন টের পাওয়া যাচ্ছিল অনুষ্ঠানজুড়েই। আর দীর্ঘ প্রতীক্ষার পরও চমকের পর চমকে ভরা ছিল অ্যাপলের এই মহা ধুমধামের আয়োজন। তবে আসল চমকগুলোর জন্য মনে হয় ক্রেতাদের এসব পণ্য ব্যবহারের স্বাদ নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই!

মঙ্গলবার নতুন পণ্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অ্যাপল সিইও টিম কুক ‘আইফোন ৬’ ও ‘অ্যাপল ওয়াচ’ বাজারে ছাড়ার ঘোষণা দেন। ছবি: রয়টার্স
মঙ্গলবার নতুন পণ্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অ্যাপল সিইও টিম কুক ‘আইফোন ৬’ ও ‘অ্যাপল ওয়াচ’ বাজারে ছাড়ার ঘোষণা দেন। ছবি: রয়টার্স