এশিয়ার শীর্ষ ব্র্যান্ড স্যামসাং
ব্র্যান্ড হিসেবে এশিয়া অঞ্চলের শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। তবে ব্র্যান্ডিংয়ে কম অর্থ খরচ করেও এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলে স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে যুক্তরাষ্ট্রের অ্যাপল। ৮ জুলাই নিয়েলসেন প্রকাশিত জরিপের এ তথ্য জানিয়েছে ফোর্বস অনলাইন।
নিয়েলসেনের ক্যাম্পেইন এশিয়া নামের জরিপে দেখা গেছে, এশিয়ার ১২ টি বাজারের মধ্যে ৮ টিতেই শীর্ষ ব্র্যান্ড নামটি স্যামসাংয়ের। ২০১২ সালে এ অঞ্চলের মোট পাঁচটি বাজারে শীর্ষ ব্র্যান্ড হিসেবে স্যামসাংয়ের অবস্থান ছিল। ব্র্যান্ড হিসেবে স্যামসাংয়ের পরের অবস্থানটি অ্যাপলের। অ্যাপল বর্তমানে শীর্ষ ব্র্যান্ড হিসেবে জাপান ও অস্ট্রেলিয়ার বাজারে তার স্থান দখল করেছে। এক্ষেত্রে সনি ও প্যানাসনিকের মতো স্থানীয় ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলেছে অ্যাপল। জাপানের বাজারে ভোক্তার পছন্দের ব্র্যান্ডের শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়েছে অ্যাপল।
নিয়েলসেনের তথ্য অনুযায়ী, ২০১২ সালে এশিয়াতে স্যামসাংয়ের পণ্য ব্র্যান্ডিংয়ে ১৩০ কোটি মার্কিন ডলার খরচ করেছে প্রতিষ্ঠানটি। তবে স্যামসাংয়ের চেয়ে অর্ধেকেরও কম অর্থ খরচ করে আইফোন ও আইপ্যাডের মতো পণ্যগুলোর জন্য পছন্দের ব্র্যান্ড হিসেবে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল।
বাজার গবেষকেরা বলছেন, ব্র্যান্ডিংয়ের প্রচুর খরচ করার ফলে স্যামসাংয়ের লাভের পরিমাণ কমে গেছে। স্যামসাংয়ের বাজারে আনা গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটি আশানুরূপ বিক্রি হয়নি। এশিয়াতে সেরা ব্র্যান্ডের মর্যাদা পেলেও লাভের ঘরে ঘাটতি থাকায় স্যামসাংয়ের আশা বোধহয় পূরণ হয়নি।