এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের নেতৃত্বে বাংলাদেশ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউএন-এসকাপ ও ইন্টারনেট সোসাইটি কর্তৃক আয়োজিত এক ফোরামে বাংলাদেশকে এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। আগামী এক বছরের জন্য বাংলাদেশ এ পদে থাকবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ট্রান্স এশিয়ান রেললাইন বরাবর ফাইবার অপটিক কেব্ল দিয়ে সংযুক্ত করে স্বল্পমূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে।
ফোরামে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ উপস্থিত ছিলেন। সেখানে তিনি ‘ইন্টারনেট অব অপরচুনিটি ইন দ্য এশিয়া-প্যাসিফিক’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠান সর্বজনীন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে ইন্টারনেট সুবিধাবঞ্চিত জনগণকে ইন্টারনেট সুবিধার আওতায় আনার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এসডিজির উদ্দেশ্য পূরণে সুস্বাস্থ্য, গুণগত শিক্ষা, উদ্ভাবন, স্মার্ট সিটির মতো লক্ষ্য অর্জনে ইনক্লুসিভ ইন্টারনেট গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ইউএন-এসকাপের সদস্যভুক্ত দেশগুলোকে এশিয়ান-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়েতে যুক্ত করা ফলপ্রসূ হবে। পরে ফোরামে বাংলাদেশের প্রস্তাবে ইউএন-এসকাপ সদস্যভুক্ত দেশগুলো সমর্থন করে।